সালমানকে হটিয়ে শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের প্রভাবশালী দুই খান—সালমান ও শাহরুখের মধ্যে কে বেশি জনপ্রিয় তা নিয়ে নানা জনের নানা মত থাকলেও, সম্প্রতি মাদাম তুসো জাদুঘর কর্তৃপক্ষ শাহরুখকেই অগ্রাধিকার দিয়েছে।লন্ডনের মাদাম তুসোয় স্থাপিত শাহরুখের মোমের মূর্তিটি সাম্প্রতিক বিশ্ব সফরে নির্বাচিত হলেও সিদ্ধান্তে বাদ পড়েছে সালমানের মোমের মূর্তি। শিগগিরই হংকং, ব্যাংককসহ বিশ্বের বিভিন্ন দেশে সফরে যাবে বলিউডের তারকাদের এই মোমের মূর্তিগুলো। এ সফরে শাহরুখের সঙ্গী হচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, হূতিক রোশন ও কারিনা কাপুর। এদিকে সালমানের মতো এই সফরে যাওয়ার সুযোগ হারাচ্ছেন মাধুরী দীক্ষিতও। সাম্প্রতিক এক খবরে এমন তথ্যই প্রকাশ করেছে ডেইলি মেইল।বলিউডের তারকাদের মোমের মূর্তিগুলো প্রথমে নেওয়া হবে মাদাম তুসো হংকংয়ে। সেখানে অমিতাভ বচ্চনের মোমের মূর্তির পাশে রাখা হবে সেগুলো। হংকংয়ে আগে থেকেই অমিতাভের মোমের মূর্তি থাকায় লন্ডন মাদাম তুসো থেকে তাঁর মূর্তি আর আনা হচ্ছে না। এদিকে মাদাম তুসো কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করা হয়েছে বিভিন্ন মহল থেকে। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, ‘চার বছর আগে মাদাম তুসোয় সালমানের মোমের মূর্তি স্থাপনের পর থেকেই তা ব্যাপক সাড়া ফেলেছে। তাঁর মোমের মূর্তির পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন অগণিত ভক্ত। মাদাম তুসোয় যে কয়েকজন তারকার মূর্তির ছবি সবচেয়ে বেশি তোলা হয়েছে তাঁদের মধ্যে অন্যতম সালমান। অথচ তাঁকেই কি-না বিশ্ব সফর থেকে বাদ দেওয়া হলো!’সূত্রটি আরও জানিয়েছে, বলিউডের খানদের মধ্যে এখন সালমানই এগিয়ে আছেন। কারণ, তিনি একের পর এক হিট ছবি উপহার দিয়ে চলেছেন। তাঁর অভিনীত ‘ওয়ান্টেড’, ‘দাবাং’, ‘রেডি’ এবং ‘বডিগার্ড’ ছবির ব্যাপক সফলতা প্রমাণ করে তিনিই সেরা। অন্যদিকে, নানা বিতর্কে জড়িয়ে শাহরুখের জনপ্রিয়তায় ভাটা পড়েছে বেশ ভালোভাবেই। তার পরও কোন বিবেচনায় সালমানের পরিবর্তে শাহরুখকে অগ্রাধিকার দিল মাদাম তুসো কর্তৃপক্ষ—এটা বেশ রহস্যজনক।