সালমানপ্রীতি আর শাহরুখ ভীতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান-শাহরুখ-ক্যাটরিনা
সালমান-শাহরুখ-ক্যাটরিনা

এবার বোধ হয় সালমান খানের দিকেই সুবাতাস বইছে। বলিউডের তারকা ক্যাটরিনা কাইফের মুখে সম্প্রতি তাঁর সাবেক প্রেমিক সালমান খানের গুণকীর্তনে এমনটাই ভাবছেন বলিউডের মানুষজন। শাহরুখ খানের সঙ্গে কাজ করতে ভয় লাগলেও সালমানের সঙ্গে নির্ভয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে পারেন ক্যাটরিনা। সম্প্রতি এমন কথাই জানিয়েছেন বলিউডের এই তারকা অভিনেত্রী। শুধু তা-ই নয়, ব্যক্তিত্বের মানদণ্ডে সালমানকে দশে দশ দিয়েছেন ক্যাট।

সালমান সম্পর্কে ক্যাটরিনার সাম্প্রতিক মন্তব্য হচ্ছে, ‘সালমানের সঙ্গে কাজ করার সময় কখনোই আমি কোনো সংকোচ বোধ করি না। তাঁর সঙ্গে আমি চিন্তামুক্তভাবে কাজ করতে পারি আর ক্যারিয়ারের শুরু থেকেই তিনি আমাকে চেনেন। আমাদের ভেতরে বোঝাপড়াটাও দারুণ। ব্যক্তি হিসেবেও সালমান চমত্কার। ব্যক্তিত্বের মানদণ্ডে আমি তাঁকে দশে দশ দেব।’

ক্যাটরিনা আরও বলেন, ‘কিন্তু শাহরুখ খানের সঙ্গে “যব তক হ্যায় জান” ছবির কাজ করার সময় ভয়ে তটস্থ হয়ে থাকতাম। তাঁর সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেই আমার কাছে সবকিছু অন্ধকার হয়ে যেত। তাঁর ভেতর এমন কিছু একটা আছে, যা আমাকে চিন্তামুক্তভাবে কাজ করতে দিত না। সেটা কী, তা ঠিক বলতে পারব না আমি।’ জানিয়েছে পিটিআই।

বলিউডের প্রভাবশালী দুই তারকা অভিনেতা আমির খান ও সালমানের মধ্যে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমির মনেপ্রাণে চান, সালমান বিয়ে করে থিতু হন। সম্প্রতি সালমানের জীবনসঙ্গী হিসেবে ক্যাটকেই দেখতে চান বলে জানিয়েছেন আমির। শুধু তা-ই নয়, ক্যাটরিনা কখনো সালমানকে বিয়ের অনুরোধ করেছেন কি না, তা জানতে চাইলে লজ্জায় লাল হয়ে ক্যাট বলেন, ‘এই মুহূর্তে আমি বাকরুদ্ধ হয়ে গেছি। এ জন্য খুবই দুঃখিত আমি।’

এদিকে রণবীর কাপুরের সঙ্গে প্রকাশ্য দহরম-মহরমের পরও বর্তমানে কারও সঙ্গে প্রেম করছেন না বলেই দাবি করেছেন ক্যাটরিনা। এবার তাঁর মুখে সালমানের গুণকীর্তন শোনা গেল। তবে কি আমিরের দূতিয়ালিতে পুনর্মিলনের পথে হাঁটছেন সালমান-ক্যাটরিনা!

বলিউডের প্রভাবশালী তিন খান সালমান, শাহরুখ ও আমিরের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছেন ক্যাটরিনা। তবে সালমান-ক্যাটরিনা জুটির রসায়নই বেশি প্রশংসিত হয়েছে দর্শকমহলে।

এর পেছনে অবশ্য কারণও রয়েছে। সালমানের হাত ধরেই বলিউডে যাত্রা শুরু করেছিলেন ক্যাট। তিনি সালমানের সহযোগিতার কারণেই বলিউডে শক্ত একটি অবস্থানে পৌঁছতে পেরেছেন। সালমানের সঙ্গে প্রেমের সম্পর্কেও জড়িয়েছিলেন ক্যাট। কিন্তু ২০০৯ সালে ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে রণবীর-ক্যাটরিনার মধ্যে সখ্য গড়ে ওঠে।

মাত্র কিছুদিন আগেই ক্যাটরিনাকে জীবনের বিশেষ মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন রণবীর। শুধু তা-ই নয়, ক্যাটরিনার জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারেন বলেও জানিয়েছিলেন জুনিয়র কাপুর। কিন্তু সম্প্রতি সম্পূর্ণ ভিন্ন সুরে কথা বলেছেন ক্যাটরিনা। নিজেকে একা দাবি করে এ মুহূর্তে কারও সঙ্গে প্রেমের সম্পর্ক নেই বলেই জানিয়েছেন ক্যাট। আপাতত বিয়ের কোনো রকম পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন ৩০ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।