সালমানের অতিথি হচ্ছেন শাহরুখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান-শাহরুখ
সালমান-শাহরুখ

সম্প্রতি ‘বিগ বস ৭’ রিয়েলিটি শো উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সালমান খান জানিয়েছেন, এই অনুষ্ঠানে শাহরুখ খানকে আমন্ত্রণ জানাবেন তিনি। শাহরুখের সঙ্গে শত্রুতা, নিজের বিয়েসহ আরও নানা বিষয়ে এই প্রথম সংবাদকর্মীদের সঙ্গে খোলামেলা কথাও বলেছেন সালমান।

শাহরুখকে ‘বিগ বস ৭’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবেন কি না—এমন প্রশ্নে সালমানের উত্তর, ‘আমার অনুষ্ঠানে শাহরুখকে আমন্ত্রণ জানাব আমি। চাইলে তিনি অনুষ্ঠানে এসে নিজের ছবির প্রচারও চালাতে পারেন।’

আমির খানের ‘সত্যমেভ জয়তে’র মতো কোনো অনুষ্ঠান সঞ্চালনার ইচ্ছা আছে কি না, জানতে চাইলে সালমান মজা করে বলেন, ‘কোনো কিছুতেই আমার না নেই। আমির তাঁর অনুষ্ঠানটি সঞ্চালনা করতে না চাইলে আমি দায়িত্ব নিতে রাজি আছি। আর অমিতাভ বচ্চন যদি মনে করেন ‘কৌন বনে গা ক্রোড়পতি’  অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে তিনি বুড়িয়ে গেছেন, তাহলে তাঁর পরিবর্তেও কাজ করতে রাজি আছি আমি।’

গত রমজান মাসে ভারতের কংগ্রেস নেতা বাবা সিদ্দিকের ইফতার অনুষ্ঠানে বুকে বুক মিলিয়ে পাঁচ বছরের দ্বন্দ্বের অবসান ঘটিয়েছেন শাহরুখ-সালমান। অবশ্য এ বিষয়ে এখন পর্যন্ত খোলাসা করে কিছু বলেননি তাঁদের কেউই। সম্প্রতি এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সালমান বলেন, ‘আমি গত রমজানে শাহরুখকে আলিঙ্গন করেছি। কারণ, সেটা ছিল পবিত্র মাস। বন্ধুর প্রতি এমন মানবিক আচরণ শুধু আমি নই, সব মানুষেরই করা উচিত।’

শাহরুখের সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই বলেও জানিয়েছেন সালমান।  এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘শাহরুখের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। আমি জানি, “চেন্নাই এক্সপ্রেস”  ছবির মাধ্যমে আমার গড়া সব রেকর্ড তিনি ভেঙে দিয়েছেন। এটা নিয়ে আমি মোটেও চিন্তিত নই। আমি কাজ দিয়েই প্রমাণ করতে চাই।’

সালমান আরও বলেন, ‘শাহরুখের “চেন্নাই এক্সপ্রেস”-এর পর আমিরের “ধুম ৩”  এবং রণবীরের “বেশরম”  ছবিগুলো বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে। আমার বিশ্বাস, পরবর্তী ছবির মাধ্যমে সব রেকর্ডেরই দাঁতভাঙা জবাব দিতে পারব আমি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই।

নিজের বিয়েসংক্রান্ত প্রশ্নে বরাবরই হেঁয়ালিপূর্ণ জবাব দিতে শোনা গেছে ৪৭ বছর বয়সী সালমানকে। এবারও একই ধরনের প্রশ্নের সম্মুখীন হলে তিনি বলেন, ‘ঈশ্বরের ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না। মনের মতো মেয়ে পেলে অবশ্যই আমি বিয়ে করব। কেউ আমাকে বিয়ের কথা জিজ্ঞেস করলে খুব রাগ লাগে। এই একটি প্রশ্ন আমাকে প্রচণ্ড ক্ষুব্ধ করে। যাঁরা আমাকে প্রশ্নটি করেন, তাঁদের নির্বোধ বলে মনে হয় আমার।’