সালমানের কাছে ছবি আঁকা শিখছেন সোনাক্ষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনাক্ষী সিনহা ও সালমান খান
সোনাক্ষী সিনহা ও সালমান খান

‘লুটেরা’ ছবিতে একজন চিত্রশিল্পীর চরিত্রে অভিনয় করছেন বলিউডের অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ছবিটির অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সবাইকে ছবি এঁকে দেখাবেন এ তারকা অভিনেত্রী। আর এ জন্য তিনি ছবি আঁকা শিখছেন ‘দাবাং’ তারকা সালমান খানের কাছে। 
সালমানের হাত ধরে ‘দাবাং’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেছিলেন প্রখ্যাত অভিনেতা শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী। ক্যারিয়ারের শুরু থেকেই তাঁকে নানাভাবে সাহায্য করছেন সালমান। এবার তাঁকে ছবি আঁকার নানা টিপস দিচ্ছেন তিনি। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, শুরু থেকেই সালমানকে গুরু মানেন সোনাক্ষী। শিল্পকর্মের প্রতি তাঁদের দুজনেরই রয়েছে অন্য রকম দুর্বলতা। সালমানের আঁকা ছবি দারুণ পছন্দ করেন সোনাক্ষী। নিজেকে সালমানের ছবির ভক্ত বলেও তিনি ঘোষণা দিয়েছেন। জনসমক্ষে ছবি আঁকতে হবে বলে এবার তিনি সালমানের কাছ থেকেই বিদ্যাটি রপ্ত করছেন।
বালাজি মোশন পিকচার্সের ব্যানারে ‘লুটেরা’ ছবিতে জুটি বেঁধেছেন সোনাক্ষী সিনহা ও রণবীর সিং। আর পরিচালকের আসনে বসেছেন ‘উড়ান’খ্যাত চলচ্চিত্রনির্মাতা বিক্রমাদিত্য। প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে আগামী ৫ জুলাই।