সালমানের কাছে ফিরছেন কারিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান ও কারিনা কাপুর
সালমান খান ও কারিনা কাপুর

কারিনার ‘বডিগার্ড’ সালমানকে মনে আছে নিশ্চয়? বডিগার্ড ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন বলিউডের সালমান খান ও কারিনা কাপুর। আবার এই দুজনকে একসঙ্গে দেখা যাবে ‘বজরঙ্গী ভাইজান’ নামের একটি ছবিতে। ছবিটি পরিচালনা করবেন কবির খান।

‘বজরঙ্গী ভাইজান’ ছবিটি মুক্তি পাবে ২০১৫ সালের ঈদের সময়। ছবিটির নেপথ্যে থাকবে সালমানের নিজস্ব প্রতিষ্ঠান সালমান খান ভেঞ্চার। ছবিতে সালমান খান মূল চরিত্রে অভিনয় করবেন। এক খবরে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

কারিনা-সালমানের অন্তর্ভুক্তি ও ছবি তৈরির বিষয়টি নিশ্চিত করেছেন কবির খান। তিনি বলেন, ছবিটি সালমান ও আমার জন্য অনন্য একটি ছবি হবে। মানবিক একটি কাহিনি নিয়ে তৈরি হবে ছবিটি। ছবিটির কাহিনি এমন হবে যা আজকের সমাজ ও যুগ বাস্তবতায় অতি প্রয়োজন। আমরা ছবির শুটিং শুরু করার জন্য মুখিয়ে রয়েছি। ছবির শুটিং হবে ভারতের বিভিন্ন স্থানে।

কবির খান আরও জানিয়েছেন, আমি এর আগে ক্যাটরিনা কাইফের সঙ্গে তিনটি ছবি করেছি। আমি সব সময় কারিনার অভিনয় পছন্দ করি এবং তাঁর সঙ্গে কাজ করতে চেয়েছি। এ বছরের নভেম্বর মাস থেকে ছবির শুটিং শুরু হবে।

এবারের ঈদ মৌসুম উপলক্ষে সাজিদ নাদিয়াদওয়ালা পরিচালিত ও প্রযোজিত ‘কিক’ ছবি মুক্তি পাচ্ছে ২৫ জুলাই। ছবিটিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী ও সাবেক মিস শ্রীলঙ্কা জ্যাকুলিন ফার্নান্দেজ।