সালমানের কাছে ফিরছেন ক্যাটরিনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা জীবনের জন্য না হোক, অন্তত একটি ছবির আইটেম গানের জন্য হলেও সালমানের পাশে ফিরছেন ক্যাটরিনা কাইফ। সবকিছু ঠিক থাকলে প্রায় এক বছর পর আবার একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াবেন বলিউডের অন্যতম জনপ্রিয় দুই তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ।নতুন একটি ছবির আইটেম গানে তাঁদের অন্তর্ভুক্ত করার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন নির্মাতা সাওয়ান কুমার। এরই মধ্যে ‘সতিন ২’ ছবির আইটেম গানে অংশ নেওয়ার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে এ দুই তারকাকে। সালমান খানের হাত ধরেই বলিউডে প্রতিষ্ঠা পেয়েছেন ক্যাটরিনা কাইফ। সর্বশেষ তাঁরা ‘এক থা টাইগার’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন। গত বছরের আগস্টে মুক্তি পায় বক্স অফিসে ঝড় তোলা ছবিটি। এরপর আর তাঁদের একসঙ্গে দেখার সুযোগ পায়নি দর্শক। এবার সম্ভবত দর্শকদের সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। ‘সতিন ২’ ছবির আইটেম গানের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিলেই আবার এ জুটিকে বড়পর্দায় দেখার সুযোগ পাবে দর্শক। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে মুম্বাইভিত্তিক অনলাইন নিউজপোর্টাল মিড-ডে ডটকম। ১৯৮৩ সালে মুক্তি পেয়েছিল সাওয়ান কুমার পরিচালিত ‘সতিন’ ছবিটি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন রাজেশ খান্না, টিনা মুনিম, পদ্মিনী কোলাপুরি, প্রাণ, প্রেম চোপড়া, শশীকলা, পরেশ রাওয়াল প্রমুখ। এবার ব্যবসাসফল ছবিটির সিক্যুয়েল তৈরি করছেন সাওয়ান কুমার। মূল ছবির ‘সায়েদ মেরি শাদি কা খেয়াল’সহ কয়েকটি গান শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। তবে ‘সতিন ২’ ছবির গানগুলো সম্পূর্ণ নতুনভাবে করা হবে বলেই জানিয়েছে ওই ছবির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র।