সালমানের ক্যারেক্টার ঢিলা
‘ক্যারেক্টার ঢিলা’ সালমান খান আবারও মাত করে দিয়েছেন বলিউড। ‘ক্যারেক্টার ঢিলা’, ‘ধিংকা চিকা’ এবং এই দুই সুপারহিট গানের ছবি রেডি হিটের খরা দূর করেছেন এ সপ্তাহে। শুধু তা-ই নয়, সর্বকালের সব হিন্দি ছবির মধ্যে সেরা দ্বিতীয় ওপেনিং পেয়েছে রেডি। অর্থাৎ মুক্তির প্রথম তিন দিনে এর আগে সর্বোচ্চ ব্যবসাসফল ছবির রেকর্ডটি ছিল দাবাং-এর (৪৮ কোটি ৫০ লাখ)। রেডি প্রথম তিন দিনে ঘরে তুলেছে ৪০ কোটি ৬৫ লাখ। অবশ্য দাবাং সমালোচকদের প্রশংসা পেলেও রেডি পুরোপুরিই আমজনতার ছবি। সমালোচকেরা এ ছবিকে নম্বর দিচ্ছেন ৫-এ ২ কিংবা ১। এ প্রসঙ্গে সালমান খানের বক্তব্য, ‘তিন দিনে ৪০ কোটি ৬৫ লাখ আয় করা ছবিকে যদি ১০ জন সমালোচক শূন্য নম্বরও দেন, তাতে কী আসে-যায়? আমার ভক্তরা ওসব সমালোচকের মতো স্টুপিড নন।’ অবশ্য ছবির ব্যবসাকে পাশ কাটাতে পারছেন না অনেকেই। টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ইদানীংকালে সালমান খানের ছবি মুক্তি পাওয়াটা উৎসবের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শুরুতে ওয়ান্টেড, অতঃপর দাবাং এবং সর্বশেষ রেডি। মাল্টিপ্লেক্স থেকে একক প্রেক্ষাগৃহগুলোতে হুমড়ি খেয়ে পড়েছে দর্শক। কারণ একটাই—সালমান খান। সমালোচক তরণ আদর্শ বলেন, ছবি তিনটি থেকে সালমান খানকে সরিয়ে দিন। ম্লান মনে হবে ওয়ান্টেড, দাবাং ও রেডি। সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা জনপ্রিয় ছবির পুরস্কারও জিতেছে দাবাং। এই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সালমানের কোনো ছবি পুরস্কার পেল। এ রকম মৌলিক ছবিতে অভিনয় না করে সালমান কেন দক্ষিণী ছবি থেকে কপিরাইট আনা ওয়ান্টেড, রেডি এবং মুক্তিপ্রতীক্ষিত বডিগার্ড-এ কাজ করেন? ‘ওরা যদি আমাদের ৫০ শতাংশ ছবির নকল করতে পারে, আমাদেরও অধিকার আছে ওদের ছবি নকল করার। এটা ঠিক, দক্ষিণী ছবিতে নায়কের নায়কোচিত ব্যাপারস্যাপারগুলো আমি ভীষণ পছন্দ করি, যা হিন্দি ছবি থেকে একপ্রকার হারিয়েই গেছে। এখন বড় নায়কেরা প্রতিবন্ধী চরিত্রে অভিনয় করে পুরস্কার ঘরে তুলতেই বেশি পছন্দ করেন। কিন্তু আমি চাই দর্শকদের হাততালি পেতে, তাদের কষ্ট করে কেনা টিকিটের দাম উসুল করতে। তাই দক্ষিণের ব্যবসাসফল আমজনতার ছবিগুলোর হিন্দি ভার্সনে কাজ করি।’ সালমানের অকপট স্বীকারোক্তি।সালমান আরও জানালেন সুপারহিট গান ‘ক্যারেক্টার ঢিলা’ জন্ম নেওয়ার মূল ইতিহাস। গানের কথাগুলো ছিল নায়িকা অসিনের পরিকল্পনা। অসিনই বলল, কথাগুলো আমার মুখ দিয়ে শোনালে মজা হবে। কিন্তু আমি যোগ করলাম, এখানে নারীকণ্ঠও থাকতে হবে। তবে ছবির গল্পের সঙ্গে এই গানে অসিনকে মানানসই মনে হচ্ছিল না। পরিচালক যেভাবে গানটির চিত্রায়ণ করলেন, আমারও মনঃপূত হলো না। তাই ভারত থেকে জেরিন খানকে ব্যাংককে ডেকে এনে দ্বিতীয়বার গানটি ধারণ করেছি। গানের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি আমার প্রিয় রাজকাপুর, দীলিপ কুমার ও ধর্মেন্দ্রকে।সম্প্রতি সব মাধ্যমে চাউর হয়েছে, সালমান খান প্রযোজনায় এসেছেন। তাঁর প্রযোজনা সংস্থার নাম সালমান খান বিং হিউম্যান। এমনকি এই সংস্থার প্রথম ছবি চিল্লার পার্টির শুটিং শেষ; আগামী মাসে মুক্তিও পেতে যাচ্ছে। এত দ্রুত কী করে ছবির কাজ শেষ করলেন? ‘প্রথমত শুটিংয়ের শুরু থেকে শেষ অবধি আমি ছবির সঙ্গে যুক্ত ছিলাম না। ছবির সব কাজ শেষ হওয়ার পর প্রযোজক (ইউটিভি) আমাকে ছবিটি দেখার আমন্ত্রণ জানালেন। দেখলাম এবং দীর্ঘদিন পর কোনো ছবি দেখে মুগ্ধ হলাম। বাচ্চারা ক্যামেরার সামনে এতটা জীবন্ত অভিনয় করেছে, এককথায় অপূর্ব! ইউটিভির সিদ্ধার্থ রায়কে জানালাম, এ ছবির সঙ্গে কোনোভাবে আমি যুক্ত হতে চাই। ব্যস। ইউটিভির সঙ্গে আমিও যৌথভাবে প্রযোজক হয়ে গেলাম। তবে আমার প্রযোজিত প্রতিটি ছবির লাভের অংশ যাবে আমারই বিং হিউম্যান চ্যারিটি ফাউন্ডেশনে। মানুষজন সহজে গরিবদের সাহায্য করার জন্য পকেটের অর্থ ছাড়তে চান না। হয়তো ভাবেন, চ্যারিটি ফাউন্ডেশনটাই আসল, নাকি ভুয়া। তাই ছবি প্রযোজনা করে ধনীদের অর্থ খসাব। তাঁরা আমার প্রযোজিত ছবি দেখবেন, আর উপকৃত হবে গরিব-দুঃখীরা।’নিজের ছবির বাইরে সালমান কী নিয়ে ভাবছেন? ‘আমি ভাবছি, ডাবল ধামাল, সিংঘাম, দিল্লি বেলি ছবিগুলো দেখতে হবে। প্রোমো অসাধারণ লেগেছে।’ আর শাহরুখের রা ওয়ান? ‘সাক্ষাৎকার শেষ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।’ কৌতুকের সুরে আবারও শাহরুখ খানের প্রসঙ্গ কাটিয়ে চলে গেলেন সালমান খান। রুম্মান রশীদ খানসূত্র: ওয়েবসাইট