সালমানের খামারবাড়িতে সাত দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্ধবী ইউলিয়া ভ্যান্টুর (বাঁয়ে), পরিবার ও বন্ধুদের সঙ্গে সালমান খান। ছবি: আলী জ্যাকোর অ্যালবাম থেকে
বান্ধবী ইউলিয়া ভ্যান্টুর (বাঁয়ে), পরিবার ও বন্ধুদের সঙ্গে সালমান খান। ছবি: আলী জ্যাকোর অ্যালবাম থেকে

২৭ ডিসেম্বর ছিল বলিউডের ‘ভাইজান’ খ্যাত সালমান খানের জন্মদিন। বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক ব্রিটিশ কিক বক্সার আলী জ্যাকো নিমন্ত্রণ পেয়েছিলেন সেই অনুষ্ঠানে। জন্মদিন তো উদ্যাপন করলেনই, সেই সঙ্গে দেখে এলেন সালমানের রিয়েলিটি শো ‘বিগ বস’ আর সুলতান ছবির শুটিং। সালমানের খামারবাড়িতে শুয়ে-বসে আড্ডা দিয়ে কাটালেন পুরো এক সপ্তাহ। ১০ জানুয়ারি লন্ডনে ফিরে সেই গল্প শোনালেন আলী জ্যাকো। জানা গেল রুপালি পর্দার বাইরের সালমান খানকে।

আলী জ্যাকো ও সালমান খান
আলী জ্যাকো ও সালমান খান

‘জন্মদিন তো প্রতিবছরই আসে। কিন্তু এবারের ব্যাপারটা ছিল আলাদা। কারণ, সালমান এবার বয়সের হাফ সেঞ্চুরি করেছেন।’ এভাবেই শুরু করলেন জ্যাকো।
বললেন, ‘জন্মদিনের আগে পরে বড়দিন আর খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপিত হওয়ায় এটা যেন টানা উৎসবে পরিণত হয়। ২৫ ডিসেম্বর মুম্বাইয়ে পৌঁছেই চলে যান সালমানের সুবিশাল খামারবাড়িতে। মুম্বাই শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে পানভিলের এই বাড়িতে তখন আনন্দের মেলা বসেছে। সালমানের জন্মদিন আর লম্বা ছুটির অবকাশ যাপনে বাবা-মা, ভাই-বোন—সবাই হাজির। নতুন প্রেমিকা রোমানীয় মডেল ইউলিয়া ভ্যান্টুর সালমানের পাশে। সেদিন রাতে ছিল বড়দিন উপলক্ষে পার্টি। ২৭ ডিসেম্বর সন্ধ্যা হতেই তারকা আর সালমানের কাছের বন্ধুদের ভিড়। চলছে রান্না। সাত শতাধিক অতিথির আপ্যায়নে ব্যস্ত শতাধিক কর্মী। বাড়ির সামনের খোলা জায়গায় সাজিয়ে রাখা হয় সিঁড়ির মতো বানানো জন্মদিনের কেক। “বিং সালমান” লেখা কেকের আকৃতি যেন সালমানের খ্যাতির শীর্ষে ওঠার কথা জানান দিচ্ছে। সালমান অতিথিপরায়ণ গৃহকর্তা। ঘুরে ঘুরে সবার খোঁজ নিচ্ছেন। বন্দী হচ্ছেন সেলফিতে।’

সালমান খান ও ইউলিয়া ভ্যান্টুর
সালমান খান ও ইউলিয়া ভ্যান্টুর

মাইক্রোফোন হাতে অতিথিরা একে একে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। শুভেচ্ছা জানালেন জ্যাকো নিজেও। সেসব আবার দেখানো হচ্ছে বড় পর্দায়। পর্দায় ভেসে উঠল শিশু সালমান থেকে ‘সুলতান’ হয়ে ওঠার ৫০টি ছবি। রাত ১২টা বাজতেই বাবা-মা আর ভাইবোনদের নিয়ে কেক কাটলেন সালমান। খাইয়ে দিলেন নতুন প্রেমিকা ইউলিয়াকেও। করতালিতে মেতে উঠল পুরো আয়োজন। ধন্যবাদ বক্তৃতায় সালমান দোয়া চান, তাঁর বাকি জীবনও যেন দুরন্ত বালকের মতো কাটে। এরপর সারা রাত চলল সালমানের জনপ্রিয় ছবির গানগুলোর সঙ্গে নৃত্য। সালমান নিজেও নাচলেন।
জ্যাকো বলেন, ‘কয়েকটি টিলায় ঘেরা সালমানের বিশাল খামারবাড়িতে ঘোড়া আছে ১১টি। গরু, ছাগল, খরগোশের খামার—সবই আছে তাঁর। পুরো একটি বাগান ঘিরে বানানো পিঞ্জিরায় আছে কয়েক শ পাখি। বিশাল সুইমিংপুল। বিলাসবহুল গাড়ি, মোটরসাইকেল, কোয়াড বাইকে (চার চাকার মোটরসাইকেল) ঠাসা তাঁর গ্যারেজ। সালমানের নিজস্ব টিলায় আছে সদা জীবন্ত ঝরনা। বাড়ির সামনে তৈরি করেছেন কৃত্রিম লেক। জ্যাকো সালমান আর ইউলিয়ার সঙ্গে এসব দাবড়ে বেড়িয়েছেন পুরো সাত দিন। উদ্যাপন করেছেন নববর্ষ।’

সালমান খান ও ইউলিয়া ভ্যান্টুর
সালমান খান ও ইউলিয়া ভ্যান্টুর

রুপালি পর্দার সালমান যে কতটা অমায়িক, তা উঠে আসে জ্যাকোর গল্পে। খামারবাড়ি দেখাশোনায় সালমানের প্রায় ৩০ জন কর্মী আছেন। তাঁর টিলায় বসবাস করে কিছু পরিবার। সালমান সবার সঙ্গে আপনজনের মতো মেশেন। জন্মদিনে নিজেই কর্মীদের ডেকে ডেকে ছবি তুললেন। টিলায় ঘুরতে গিয়ে এক পাহাড়ি গৃহবধূর নবজাতককে আদর করে দিলেন। যেন বাস্তবের ‘বজরঙ্গি ভাইজান’। তবে যত ব্যস্ততাই থাক, ঘুম থেকে উঠেই ব্যায়াম করেন ‘সুলতান’। আর ফাঁক পেলেই বসে যান ছবি আঁকতে।
সালমানের সঙ্গে জ্যাকোর বন্ধুত্ব বেশ পুরোনো। একসঙ্গে অনেক সময় পার করেছেন। সম্প্রতি বক্সার থেকে গায়ক বনে যাওয়া জ্যাকো বন্ধুকে নিজের প্রথম গান ‘গিভ মাই লাভ আ ব্র্যান্ড নিউ নেম’ বাজিয়ে শোনানোর সুযোগ হাতছাড়া করেননি।
জ্যাকোর গানে মুগ্ধ সালমান বললেন, ‘চালিয়ে যা দোস্ত’।