ক্যাটকে ফেরালেন সালমান!

কবির খানের পরবর্তী ছবি ‘ফ্যান্টম’ মুক্তি পাবে আগামী বছর। ছবিটিতে জুটি বেঁধেছেন সাইফ আলী খান ও ক্যাটরিনা কাইফ। ‘ফ্যান্টম’ ছবির পর সালমান খানকে নিয়ে ছবি বানানোর পরিকল্পনা করেছেন কবির খান। কিন্তু ছবিটিতে সালমানের জুটি হতে পারছেন না ক্যাটরিনা। এর পেছনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও বলিউডে জোর গুঞ্জন, গত এক বছরে সালমান-ক্যাটের ব্যক্তিগত সম্পর্কের অবনতি হওয়ার কারণেই সালমানের বিপরীতে নতুন ছবিতে ক্যাটকে নিচ্ছেন না কবির খান।
সালমানের হাত ধরেই বলিউডে প্রতিষ্ঠা পেয়েছেন ক্যাটরিনা। একটা সময়ে প্রেমের জোয়ারেও ভেসেছেন এ দুই তারকা। কিন্তু সাফল্য ধরা দেওয়ার পর সালমানকে ছেড়ে বলিউডের আরেক অভিনেতা রণবীর কাপুরের বাহুডোরে নিজেকে সঁপে দেন ক্যাট। ২০০৯ সালে ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে প্রণয়ের সম্পর্কে জড়ান রণবীর-ক্যাটরিনা।

বিচ্ছেদের পর দীর্ঘদিন পর্দায় একসঙ্গে দেখা যায়নি সালমান-ক্যাটরিনা জুটিকে। অবশেষে ২০১২ সালে এই জুটিকে পর্দায় ফিরিয়ে আনেন নির্মাতা কবির খান। তাঁর পরিচালিত ‘এক থা টাইগার’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন সাবেক প্রেমিক যুগল সালমান-ক্যাটরিনা। মুক্তির পরপরই ছবিটি বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। ছবিটির আয়ের পরিমাণ ৩০০ কোটি রুপিরও বেশি।
সালমানকে কেন্দ্রীয় চরিত্রে রেখে কবির খান আবারও ছবি বানানোর পরিকল্পনা করার পর ধারণা করা হচ্ছিল, ‘এক থা টাইগার’ ছবির সাফল্যের ধারাবাহিকতায় আবার সালমান-ক্যাটরিনা জুটিকে নিয়ে কাজ করবেন কবির খান। এক খবরে এমনটিই জানিয়েছে জিনিউজ।
কিন্তু ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, কবির খানের নতুন ছবিটিতে সালমানের অন্তর্ভুক্তি নিশ্চিত হলেও তাঁর বিপরীতে কে অভিনয় করবেন, তা চূড়ান্ত হয়নি। তবে এটা নিশ্চিত, নাম চূড়ান্ত না হওয়া ছবিটিতে সালমানের বিপরীতে দেখা যাবে না ক্যাটকে।
সালমান-ক্যাটরিনা জুটি না বাঁধার খবরটি এই দুই তারকার ভক্তদের জন্য দুঃখের হলেও, ক্যাটের বর্তমান প্রেমিক রণবীর কাপুর সম্ভবত স্বস্তির নিঃশ্বাসই ফেলছেন।