সালমানের ডাকে শাহরুখের সাড়া!

সালমান-শাহরুখের ভক্তদের জন্য সুখবরই বটে। দিন কয়েক আগে ‘বিগ বস ৭’ রিয়েলিটি শো উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সালমান খান জানিয়েছিলেন, তাঁর সঞ্চালিত অনুষ্ঠানটিতে শাহরুখ খানকে আমন্ত্রণ জানাবেন তিনি। এবার ‘দাবাং’ তারকা সালমানের এ আমন্ত্রণ সানন্দে গ্রহণ করবেন বলেই জানালেন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ।
সংবাদ সম্মেলনে সালমান বলেছিলেন, ‘আমার অনুষ্ঠানে শাহরুখকে আমন্ত্রণ জানাব আমি। চাইলে তিনি অনুষ্ঠানে এসে নিজের ছবির প্রচারও চালাতে পারেন।’
বিষয়টি জানার পর দারুণ খুশি হয়েছেন শাহরুখ। তিনি এখন দুবাইতে ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির প্রচারে ব্যস্ত আছেন। সালমানের আমন্ত্রণে সানন্দে সাড়া দেবেন বলেই জানিয়েছেন সালমানের সমসাময়িক এ তারকা অভিনেতা। এক খবরে এ তথ্য জানিয়েছে জিনিউজ।
গত রমজান মাসে ভারতের কংগ্রেস নেতা বাবা সিদ্দিকের ইফতার অনুষ্ঠানে বুকে বুক মিলিয়ে পাঁচ বছরের দ্বন্দ্বের অবসান ঘটিয়েছেন শাহরুখ-সালমান। এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সালমান জানান, ‘আমি গত রমজানে শাহরুখকে আলিঙ্গন করেছি। কারণ, সেটা ছিল পবিত্র মাস। বন্ধুর প্রতি এমন মানবিক আচরণ শুধু আমি নই, সব মানুষেরই করা উচিত।’
শাহরুখের সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই বলেও জানিয়েছেন সালমান। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘শাহরুখের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। আমি জানি, “চেন্নাই এক্সপ্রেস” ছবির মাধ্যমে আমার গড়া সব রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। এটা নিয়ে আমি মোটেও চিন্তিত নই। আমি কাজ দিয়েই প্রমাণ করতে চাই।’
সালমান আরও জানান, ‘শাহরুখের “চেন্নাই এক্সপ্রেস”-এর পর আমিরের “ধুম ৩” এবং রণবীরের “বেশরম” ছবিগুলো বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে। আমার বিশ্বাস, পরবর্তী ছবির মাধ্যমে সব রেকর্ডেরই দাঁতভাঙা জবাব দিতে পারব আমি।’