সালমানের দেহে সফল অস্ত্রোপচার
অবশেষে সালমান খানের দেহে অস্ত্রোপচার হয়েছে। গত ৩১ আগস্ট রাতে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাঁর সফল অস্ত্রোপচার হয়। সময় লেগেছে পাঁচ ঘণ্টা। চিকিত্সকের নির্দেশে পরবর্তী ১৫ দিন সালমানকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এ অভিনেতা দীর্ঘদিন ধরে স্নায়ু-বৈকল্যে ভুগছেন। এতে প্রায়ই মাথা, গাল ও চোয়ালে প্রচণ্ড ব্যথা অনুভব করতেন। সেই ব্যথার চিকিত্সা করাতে গত ২৯ আগস্ট তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেন। সুস্থ হওয়ার পর তিনি দক্ষিণ আফ্রিকায় ‘এক থা টাইগার’ ছবির শুটিং করতে যাবেন। সালমানের চোয়ালের এ ব্যথাটা শুরু হয় ২০০৭ সালে। তখন তিনি ‘পার্টনার’ ছবির কাজে ব্যস্ত ছিলেন। মাঝখানে কিছুদিন ব্যথা ছিল না। গত বছর কোত্থেকে আবার তা উদয় হয়। সম্প্রতি চোয়ালের সেই ব্যথায় ফের কাবু হয়ে পড়েন সালমান। অবস্থা এমনই বেগতিক হয়েছিল যে নাওয়া-খাওয়া পর্যন্ত হারাম হওয়ার জোগাড় হয়েছিল। পিটিআই।