সালমানের নতুন রেকর্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

ছোটপর্দার অনুষ্ঠান থেকে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া বলিউডের তারকা হিসেবে নতুন রেকর্ড গড়লেন সালমান খান।
‘দাবাং’ তারকা সালমান ‘বিগ বস ৭’ রিয়েলিটি শো উপস্থাপনার পারিশ্রমিক হিসেবে প্রতি পর্ব থেকে পাঁচ কোটি ভারতীয় রুপি নিচ্ছেন। ২৬ পর্বের অনুষ্ঠানটি উপস্থাপনা করে সব মিলিয়ে ১৩০ কোটি রুপি ঝুলিতে ভরছেন বলিউডের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী এ তারকা অভিনেতা।
২০০২ সালে গাড়িচাপা দিয়ে মানুষ হত্যার অভিযোগে সালমানের মামলার বিচারকাজ শুরু হচ্ছে আগামী ১৯ আগস্ট। দোষী প্রমাণিত হলে ১০ বছরের কারাদণ্ড পাওয়ার আশঙ্কা রয়েছে তাঁর। এ জন্য ১৯ আগস্টের আগেই ‘বিগ বস ৭’ অনুষ্ঠানের শুটিং শেষ করতে চান তিনি। সপ্তাহে প্রতিদিন দুটি করে পর্বের দৃশ্য ধারণে অংশ নেবেন ৪৭ বছর বয়সী এ তারকা। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ‘মিড-ডে’।
এর আগেও তিনবার ‘বিগ বস’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন সালমান। সর্বশেষ ‘বিগ বস ৬’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে প্রতি পর্বে আড়াই কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। আর এবার তিনি একই কাজের বিনিময়ে পারিশ্রমিকের অঙ্কটা দ্বিগুণ করে দিলেন। সালমানের সঞ্চালনায় কালারস টিভিতে অনুষ্ঠানটির প্রচার শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর।
অনুষ্ঠানটির এবারের মৌসুমে দ্বৈতরূপে দেখা যাবে সালমানকে। ‘স্বর্গ ও নরক’ কনসেপ্ট নিয়ে নির্মিতব্য অনুষ্ঠানটিতে ‘দেবদূত’ ও ‘শয়তান’—এ দুই রূপে দেখানো হবে তাঁকে। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘বিগ বস ৭’ অনুষ্ঠানের কনসেপ্টটি ভিন্নধর্মী ও বেশ জটিল। দ্বৈতচরিত্রে অভিনয়ের প্রস্তুতির পাশাপাশি দৃশ্যধারণের পেছনেও অনেক বেশি সময় ব্যয় করতে হবে সালমানকে। মূলত, এ কারণেই তিনি পারিশ্রমিকের অঙ্কটা বাড়িয়ে দিয়েছেন। 

ছোটপর্দার অনুষ্ঠানে অংশ নিয়ে এর আগেও বড় অঙ্কের পারিশ্রমিক ঝুলিতে ভরেছেন বলিউডের প্রথম সারির একাধিক তারকা। অনুষ্ঠানের প্রতি পর্বে ৩৫ লাখ রুপি থেকে শুরু করে তিন কোটি রুপি পর্যন্ত আয় করেছেন তাঁরা। এবার পারিশ্রমিকের এই দৌড়ে সবাইকে টপকে গেলেন সালমান।

‘সত্যমেভ জয়তে’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে প্রতি পর্ব থেকে আমির খান পেয়েছেন তিন কোটি রুপি। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠান থেকে অমিতাভের আয় ছিল দুই কোটি রুপি। ‘টোটাল ওয়াইপ আউট: জোর কা ঝটকা’ অনুষ্ঠান থেকে একই পরিমাণ পারিশ্রমিক নিয়েছিলেন শাহরুখ খান। হূতিক রোশনও একই পরিমাণ পারিশ্রমিক পেয়েছেন ‘জাস্ট ড্যান্স’ অনুষ্ঠানের বিচারক হিসেবে দায়িত্ব পালনের বিনিময়ে। এ ছাড়া, ‘খতরে কা খিলাড়ি’ অনুষ্ঠানের প্রতি পর্ব উপস্থাপনা করে ১ দশমিক ৭৫ কোটি রুপি পকেটে পুরেছেন ‘খিলাড়ি’ তারকা অক্ষয় কুমার।  

বলিউডের অভিনেত্রীদের মধ্যে পারিশ্রমিকের এই দৌড়ে এগিয়ে আছেন মাধুরী দীক্ষিত। তিনি ‘ঝলক দিখলা যা’ অনুষ্ঠানের বিচারক হিসেবে প্রতি পর্ব থেকে ৫০ লাখ রুপি আয় করেছেন। ‘খতরে কা খিলাড়ি ৩’ অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে প্রিয়াংকা চোপড়ার পারিশ্রমিকের অঙ্কটা ছিল ৪৫ লাখ রুপি। এ ছাড়া, ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস—আব ইন্ডিয়া তোড়ে গা’ অনুষ্ঠানের প্রতি পর্ব থেকে প্রীতি জিনতা পেয়েছেন ৩৫ লাখ রুপি।