সালমানের নয়া কৌশল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার সালমান খান তাঁর পরবর্তী ছবিগুলোর জন্য নতুন নিয়ম জারি করতে যাচ্ছেন। এখন থেকে কোনো ছবির কাজ হাতে নিলে তিনি প্রযোজকদের নির্দিষ্ট অঙ্কের অর্থ আগেই দিয়ে দেবেন। আর ছবি মুক্তির পর লাভের পুরোটাই পকেটে পুরবেন বলিউডের অন্যতম প্রভাবশালী এ অভিনেতা। একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে বলিউডে এখন ক্যারিয়ারের সেরা সময় পার করছেন সালমান। গত কয়েক বছরে তাঁর অভিনীত ছবিগুলো গড়ে আয় করেছে ১৪০ থেকে ১৫০ কোটি ভারতীয় রুপি। ছবিগুলোর সাফল্যের পুরো কৃতিত্ব সালমানের হলেও এই আয়ের বড় একটা অংশ চলে গেছে প্রযোজকদের পকেটে। আর তাই এবার নতুন নিয়ম জারি করার সিদ্ধান্ত নিয়েছেন ৪৬ বছর বয়সী ‘দাবাং’ তারকা। নতুন নিয়ম অনুযায়ী, ছবি নির্মাণের যাবতীয় ব্যয়সহ ছবির প্রযোজককে ১৫ থেকে ২০ কোটি রুপি আগেই দিয়ে দেবেন সালমান। পরে ছবির ব্যবসা থেকে যে লাভ হবে, তার পুরোটাই তিনি পাবেন। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ‘মুম্বাই মিরর’। ঘনিষ্ঠ একটি সূত্রের মন্তব্য, ‘অনেকে সালমানের নতুন এই সিদ্ধান্তে মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাসের গন্ধ পেতে পারেন। কিন্তু আদতে এ সিদ্ধান্তের মধ্য দিয়ে বড় ধরনের ঝুঁকি নিতে যাচ্ছেন তিনি। যদি কোনো ছবি আশানুরূপ ব্যবসা করতে ব্যর্থ হয়, তাহলে তাঁকে বড় অঙ্কের অর্থ খোয়াতে হবে।’