সালমানের পরিবার দেশপ্রেমিক: শিবসেনা
সম্প্রতি পাকিস্তানের এক টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়ে বলিউড অভিনেতা সালমান খান বিতর্কে জড়িয়ে পড়েন। সেই সাক্ষাৎকারে সালমান বলেন, ২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলার ব্যাপারে বেশি করে আলোচনা হয়েছিল সমাজের উচ্চ শ্রেণীর লোকেরা আক্রান্ত হওয়ার কারণে। আর এতেই ভারতের একটা বৃহত্তর গোষ্ঠী সালমানের ওপর খেপে যান। শিবসেনারা অবশ্য সালমানকে এর জন্য ক্ষমা চাইতে বলেছিলেন। পরে সালমান ক্ষমা চেয়ে বিতর্কের অবসান ঘটান।কিন্তু দুই দিন পরই আজ মঙ্গলবার শিবসেনাপ্রধান বাল থ্যাকারে বলেন, ‘সাক্ষাৎকারে সালমানের দেওয়া বক্তব্যকে ভিন্নভাবে না দেখাটাই ভালো। কেউ কেউ অবশ্য এ জন্য সালমানকে দেশদ্রোহী হিসেবে বলেছেন। এটা আসলে ঠিক না। আমি আসলে সালমানকে দেশদ্রোহী হিসেবে অভিহিত করার কোনো কারণ দেখছি না। সত্যিকার অর্থে সালমান ও তাঁর পরিবার সবাই দেশপ্রেমিক।’তবে এটা ঠিক, সালমান খান বলিউডের আরেক অভিনেতা শাহরুখ খানের মতো এতটা অনমনীয় নন। কারণ হিসেবে বাল থ্যাকারে এও বলেন, গত ফেব্রুয়ারিতে আইপিএল চলাকালীন শাহরুখ খানও শিবসেনাদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। তবে এ জন্য শাহরুখ খান অবশ্য সালমানের মতো এতটা বিনয়ী হয়ে ক্ষমা প্রার্থনা করেননি।এদিকে শিবসেনাপ্রধান আরও বলেন, সালমান ও তাঁর পরিবারের সবাই অনেক বেশি দায়িত্বশীল ও দেশপ্রেমিক। এ ক্ষেত্রে সালমানের উচিত হবে ছবির বাইরের কোনো বিষয়ে আলাপ-আলোচনা না করা। এতে করে সালমান বাড়তি ঝামেলাগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারবেন।