সালমানের পোশাক-বিভ্রাট!
সাধারণত মঞ্চ পরিবেশনার সময় পোশাক-বিভ্রাটের কবলে পড়ে মাঝেমধ্যে খবরের শিরোনাম হন বলিউডের তারকারা। এবার এমনই এক খবরের জোগান দিয়েছেন সালমান খান। তবে মঞ্চ পরিবেশনায় নয়, ‘মেন্টাল’ ছবির শুটিংয়ের সময় পোশাক-বিভ্রাটের কবলে পড়েছিলেন এ ‘দাবাং’ তারকা। সম্প্রতি ‘মেন্টাল’ ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন সালমান। এই দৃশ্যের জন্য বিশাল একটি সেট বানানো হয়েছিল। ব্যস্ত রাস্তায় মোটরসাইকেল চালানোর দৃশ্যে অভিনয় করার সময় হঠাত্ সালমানের প্যান্ট ছিঁড়ে যায়। অবশ্য শুরুতে তিনি বিষয়টি টের পাননি। এক খবরে জানিয়েছে ‘ইন্ডিয়া টুডে’।পরে প্যান্ট ছিঁড়ে যাওয়ার বিষয়ে সালমানকে জানানো হয়। সবাই ভেবেছিলেন, শুটিং বন্ধ করে দেবেন তিনি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ছেঁড়া প্যান্ট পরেই শুটিং চালিয়ে যান খান সাহেব। নতুন প্যান্ট পরার পেছনে সময় নষ্ট না করে পুরো দৃশ্যের শুটিং শেষ করেন তিনি। পোশাক-বিভ্রাট নিয়ে সালমানের এই উদাসীনতায় ছবির দলের সদস্যরা অবাক হলেও তাঁর এমন সিদ্ধান্তের পেছনের কারণ সম্পর্কে জানা গেছে, দৃশ্যটিতে খুব কাছ থেকে দেখানো হবে সালমানকে। ক্যামেরার ফ্রেমের বাইরে থাকায় দৃশ্যটিতে তাঁর ছেঁড়া প্যান্ট দেখা যাওয়ার কোনো সুযোগ নেই। মূলত, এ কারণেই ছেঁড়া প্যান্ট নিয়েই শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন সালমান। এদিকে, ‘পার্টনারস’ ছবির সাফল্যের ছয় বছর পর আবার একসঙ্গে বড়পর্দায় হাজির হচ্ছেন সালমান ও গোবিন্দ। সালমানের বিয়িং হিউম্যান প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য ছবিটি পরিচালনা করবেন মহেশ মাঞ্জারেকার।