সালমানের প্রস্তাবে বিদ্যার ‘না’!
সালমান খান ও বিদ্যা বালানের মধ্যে একটি বিষয়ে দারুণ মিল—একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়ে চলেছেন বলিউডের এ দুই তারকা। বিষয়টি ভালো করেই জানেন সালমান। এ কারণেই বিদ্যাকে নতুন ছবিতে কাজের প্রস্তাব পাঠিয়েছিলেন তিনি। কিন্তু সালমানের প্রস্তাব ফিরিয়ে দিয়ে সবাইকে চমকে দিয়েছেন বিদ্যা। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে জিনিউজ ব্যুরো। ‘পা’, ‘ডার্টি পিকচার’, ‘কাহানি’র মতো সফল ছবি উপহার দিয়ে বলিউডের অন্য অভিনেত্রীদের তুলনায় অনেকটাই ভালো অবস্থানে আছেন বিদ্যা। দিনকে দিন তাঁর জনপ্রিয়তা বেড়ে চলেছে। এ জন্য সালমান, শাহরুখ ও আমির খানের পর অনেকে বিদ্যাকে ‘বলিউডের চতুর্থ খান’ বলেও ডাকেন।এসব দিক বিবেচনা করে নতুন একটি ছবিতে বিদ্যার সঙ্গে কাজ করতে চেয়েছিলেন সালমান; প্রস্তাবও পাঠিয়েছিলেন। কিন্তু সালমানের সে আশার গুড়ে বালি পড়ল। চরিত্রটি মনে না ধরায় সালমানের বিপরীতে অভিনয়ের মতো লোভনীয় প্রস্তাবে সায় দেননি বিদ্যা। ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সালমান শিবিরের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো না হলেও সম্ভবত সাজিদ নাদিয়াদওয়ালার ‘কিক’ ছবির জন্য প্রস্তাব পেয়েছিলেন বিদ্যা। কিন্তু তাঁর কাছে মনে হয়েছে, চরিত্রটিতে সেভাবে অভিনয়ের সুযোগ নেই। শুধু সৌন্দর্য বিলানোর জন্য পর্দায় হাজির হতে নারাজ বলেই প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন বিদ্যা।