সালমানের বাড়িতে হূতিক
দুঃসময়ে সব ভেদাভেদ ভুলে মানুষ মানুষের কাছে আসে। অভিনেতা সালমান খান বেশকিছু দিন ধরে অসুস্থ। বহু আগে থেকেই তিনি স্নায়ু বৈকল্যে ভুগছেন। মাথা, চোয়াল ও গালজুড়ে প্রচণ্ড ব্যাথায় মাঝেমধ্যে নাওয়া-খাওয়া হারাম হয়ে যেত তাঁর। এবার বুঝি ব্যাথাটা সহ্যের মাত্রা ছাড়িয়ে গেল। তাই আর দেরি না করে অস্ত্রোপচারটা সেরে ফেলতে চাচ্ছেন। এ জন্য গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেওয়ার কথা ছিল। কিন্তু মুম্বাই ছাড়ার ঘণ্টা কয়েক আগে সবাইকে অবাক করে দিয়ে সালমানের বান্দ্রার বাড়িতে হূতিক রোশন এসে হাজির। অসুস্থ মানুষটার সুস্বাস্থ্য কামনা করতে এসেছেন হূতিক। তাঁকে দেখে সালমানও খানিকটা হকচকিয়ে যান। কারণ গত বছরই দুজনের মাঝে পরোক্ষ কথা কাটাকাটি হয়েছে। সঞ্জয় লীলা বানসালির গুজারিশ নিয়ে সালমানের মন্তব্য ছিল, ‘ওই ছবি দেখতে সিনেমা হলে একটা কুকুরও যায়নি।’ জবাবে ছবির নায়ক হূতিক বলেছিলেন, ‘একজন চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে হাসাহাসি নায়কোচিত কাজ নয়। আমার মতে, একজন নায়ক কখনো সংকীর্ণ মনের হবেন না। যখন সাফল্য আপনার হাতের মুঠোয় তখন আপনি হবেন নম্র-ভদ্র, বিনয়ী ও উদার।’ হূতিকের অমন আপ্তবাক্যে সালমান চটেছিলেন কিনা জানি না, তবে দুজনের মাঝে ফাঁরাক তৈরি হয়েছিল। সেই ফাঁরাক ঘুচাতেই হোক বা অসুস্থ সালমানকে দেখতেই হোক হূতিক সোজা বান্দ্রার ওই বাড়িতে গিয়ে হাজির হন। এরপর দুজনে প্রায় দুই ঘণ্টা একত্রে কাটান। মুম্বাই মিরর।