
আপাতত সালমান খান হাজতবাসী হচ্ছেন না। এ খবর শুনেই আনন্দে ফেটে পড়েছিলেন সালমানের ভক্তকুল। কিন্তু এরপর কী হবে? এ কথা কি তাঁরা ভেবেছেন একবার? কিছু সময়ের জন্য সালমানের এই হাজতবাস পেছালেও শঙ্কার মেঘ এখনো কাটেনি। সালমানের কাঁধে এখনো হত্যার দায়। তাঁকে দেওয়া সাজা স্থগিত হয়েছে মাত্র, বাতিল হয়নি। তাই সালমানের ভবিষ্যৎ বলা চলে এখনো অনিশ্চিত। সালমানের কপালে কি তাহলে সত্যিই পাঁচ বছরের জেল রয়েছে? নাকি ভক্তদের প্রার্থনা পৌঁছে গেছে ঈশ্বরের দ্বারে? আসুন, জেনে নেওয়া যাক সেসব কথা।
এখন সালমান মুক্ত। তবে মুক্তির এই নিঃশ্বাস তিনি শুধু তাঁর নিজ দেশেই নিতে পারবেন। অর্থাৎ অন্তর্বর্তীকালীন জামিনে থাকায় আপাতত এ অভিনেতা ভারতের বাইরে পা ফেলতে পারবেন না। দেশের বাইরে যাওয়া যাবে না তো কী? দেশের ভেতরই দিব্যি কাজ চালিয়ে যাচ্ছেন এ সাল্লু মিয়া। ৮ মে রায় স্থগিত হওয়ার পর মাত্র এক দিন তিনি কাটিয়েছেন তাঁর পরিবার ও বন্ধুদের সঙ্গে। ১০ মে সবকিছু ভুলে ঝাঁপিয়ে পড়েছেন কাজে। কাশ্মীরে বজরঙ্গি ভাইজান ছবির শুটিংয়ে এখন ব্যস্ত তিনি।

তবে যতই ব্যস্ত থাকুক না কেন সালমান, হাজতবাসের চিন্তা তাঁকে ক্ষণে ক্ষণেই ভোগাচ্ছে। সালমানের এক ঘনিষ্ঠজন জানিয়েছেন, এ অভিনেতার হাজতবাস নিয়ে দারুণ ভীতি। তাই তো প্রথম যেদিন তাঁকে পাঁচ বছরের সাজা ঘোষণা করা হয়, মাথায় হাত দিয়ে একেবারে কাঠগড়ায় বসে পড়েছিলেন তিনি। অতীত ঘেঁটে দেখা গেছে, ২০০২ সালে মদ্যপ হয়ে গাড়ি চালানো এবং সেই গাড়ি ফুটপাতে তুলে দিয়ে মানুষ হত্যার পর ১৮ দিনের জন্য সালমানকে হাজতবাস করতে হয়েছিল। তখনই নাকি কারাজীবনের বিভীষিকা হাড়ে হাড়ে টের পেয়েছিলেন তিনি। এমনকি এক সাক্ষাৎকারে তিনি নিজেই স্বীকার করেছিলেন, ওই ১৮ দিন ছিল সালমানের জীবনের সবচেয়ে কঠিন আর দুঃসহ সময়।
হবেই বা না কেন? সেলিম খানের মতো প্রখ্যাত লেখকের সোনার চামচ মুখে নিয়ে জন্ম তাঁর। তাঁর কি আর জেলের খাওয়া মুখে রুচবে? শত হলেও ‘হাই প্রোফাইল সেলিব্রিটি’ বলে কথা।
তবে সালমানের রায় স্থগিত হওয়ার পর এখন এই ‘হাই প্রোফাইল’ হওয়াটাই তাঁর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। চারদিকে এখন এই রায় নিয়ে দারুণ বিতর্ক। যে ভারতীয় গণমাধ্যম পাঁচ বছরের সাজা ঘোষণার পর ‘হায় হায়’ রব তুলেছিল, তারাই এখন আবার বিচারকার্যে অস্বচ্ছতার অভিযোগ তুলছে। গণমাধ্যম, বলিউড আর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দুই ভাগে বিভক্ত এখন। একদল বলছে, বলিউড অনেক বড় ক্ষতির মুখ থেকে বেঁচে গেল। কারণ সালমানের জেলে যাওয়া মানে ছিল প্রায় ৫০০ কোটি রুপির আটকে যাওয়া। অন্যদিকে আরেক দল বলছে, রায়ের স্থগিতাদেশে ভারতের বিচারব্যবস্থার দুর্বলতা প্রকাশ পায়। শুধু একজন তারকা হওয়ায় সালমান বেঁচে গেলেন এ যাত্রায়!
সালমান কি আদৌ বেঁচে গেলেন? এ উত্তর তো জানা নেই। তবে এটা বলা যায়, সালমানের সামনের দিনগুলো আরও অনিশ্চিত। উচ্চ আদালত রায় স্থগিত করেছে পরবর্তী শুনানি পর্যন্ত। আগামী জুলাইয়ে উচ্চ আদালতে সালমানের মামলার শুনানি হবে। তখন থেকে শুরু হবে এ মামলার নতুন এক অধ্যায়। আশঙ্কা করা হচ্ছে, রায় স্থগিত করায় বিচারব্যবস্থা যেভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে, এভাবেই যদি চলতে থাকে, তাহলে সালমানের ভবিষ্যৎকে কারা কুঠুরিতেই বন্দী থাকতে হবে। কারণ উচ্চ আদালত যদি একবার গণমাধ্যম আর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রশ্নে প্রভাবিত হয়ে রায় দিয়ে দেয়, তাহলে আর থাকবে না আপিলের সুযোগ। তখন সালমানের কপালে সেই সঞ্জয় দত্তের মতো লিখনই লেখা হয়ে যাবে।
দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া ও বলিউড লাইফ অবলম্বনে