সালমানের ভিসা জটিলতা এখনো কাটেনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

‘কিক’ ছবির শুটিং চলছে যুক্তরাজ্যে। কিন্তু ভিসা জটিলতার কারণে এ ছবির মূল অভিনেতা সালমান খান সেখানে যেতে পারছেন না। পর্যটক হিসেবে যুক্তরাজ্য ভ্রমণের ভিসা পেলেও, ওয়ার্ক পারমিট না পাওয়ায় সেখানে ছবির শুটিংয়ে অংশ নিতে পারবেন না এ তারকা অভিনেতা।
গত মাসে ‘কিক’ ছবির শুটিংয়ে অংশ নিতে যুক্তরাজ্য যেতে চেয়েছিলেন সালমান। কিন্তু কোনো রকম কারণ না দেখিয়েই তাঁকে ভিসা দেয়নি যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাঁর কাছের লোকদের ধারণা, সালমানের বিরুদ্ধে ২০০২ সালে গাড়িচাপা দিয়ে মানুষ হত্যা মামলার বিচারকাজ ঝুলে থাকার কারণেই এমনটা ঘটেছে।
পরে আবারও ভিসার আবেদন করেছিলেন সালমান। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে যুক্তরাজ্য যাওয়ার ভিসাও পান তিনি। কিন্তু কেবল পর্যটক হিসেবে দেশটিতে ভ্রমণের ভিসা দেওয়া হয় তাঁকে। ওয়ার্ক পারমিট না পাওয়ায় এখনো ভারত ছাড়েননি এ ‘দাবাং’ তারকা। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ‘জিনিউজ’।
এদিকে, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যে ‘কিক’ ছবির শুটিং করছেন নির্মাতা সাজিদ নাদিয়াদওয়ালা। সালমানের অনুপস্থিতিতে ছবির আরেক নায়ক রণদীপ হুদাকে নিয়ে শুটিং করছেন সাজিদ। এ ছাড়া ছবির কয়েকটি অ্যাকশন দৃশ্যে সালমানের বডি ডাবল ব্যবহার করা হয়েছে। যুক্তরাজ্যে ছবির শুটিংয়ের কাজ প্রায় শেষ। ছবির দলের সদস্যদের নিয়ে শিগগির ভারতে ফিরছেন সাজিদ। দেশে ফেরার পরপরই ভারতে ছবিটির শুটিং শুরু হবে।
আগামী বছর ঈদ মৌসুমে ‘কিক’ ছবি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সালমান। ছবিটিতে সালমান ছাড়া আরও অভিনয় করছেন জ্যাকুলিন ফার্নান্দেজ, রণদীপ হুদা, সুনীল শেঠি, অর্জুন কাপুর, পরেশ রাওয়াল, মহেশ মাঞ্জারেকার প্রমুখ।