সালমানের মামলার রায় ১০ জুন

মুম্বাইয়ে গাড়িচাপা দিয়ে মানুষ হত্যার অভিযোগে ২০০২ সালে মামলা হয়েছিল সালমান খানের বিরুদ্ধে। মামলাটির রায় ঘোষণা করা হবে আগামী ১০ জুন। ১০ বছরের কারাদণ্ড পেতে পারেন ‘ব্যাড বয়’ তকমা পাওয়া বলিউডের এই তারকা অভিনেতা।
বলিউডে তুমুল জনপ্রিয়তার পাশাপাশি অসংযত জীবনযাপনের জন্য কুখ্যাতি আছে সালমানের। ২০০২ সালের সেপ্টেম্বরে ঘটা দুর্ঘটনায় একজন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছিলেন ফুটপাতে ঘুমিয়ে থাকা আরও চার ব্যক্তি। বরাবরই সালমানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দুর্ঘটনার সময় তিনি নিজে গাড়ি চালাচ্ছিলেন না। ২০০৫ সালে সালমানের বিরুদ্ধে বিচারের কার্যক্রম শুরু হয়। কোনো এক অজানা কারণে তাঁর প্রতি নমনীয় আচরণ করেন আদালত।
বেপরোয়া ও অসতর্কভাবে গাড়ি চালানোর কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে রায় দেন আদালত, যার শাস্তি মাত্র দুই বছরের কারাদণ্ড। পরে ২০১১ সালে সালমানকে কঠোর সাজা প্রদানের দাবি তোলা হয় মুম্বাই পুলিশের পক্ষ থেকে। কয়েক মাস আগে আবার সেই মামলার বিচারের কার্যক্রম শুরু হয়।
যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ পাওয়ার পর এ বছরের জানুয়ারি মাসে ইন্ডিয়ান পেনাল কোডের ৩০৪ (২) ধারায় সালমানের সাজা হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে আদালতের পক্ষ থেকে। গুরুতর এ অপরাধের সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড। সম্প্রতি মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে আগামী ১০ জুন রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন বিচারক ইউ বি হেজিব।