সালমানের সঙ্গে অভিনয়ে আগ্রহী হ্যাসলহফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড হ্যাসলহফ ও সালমান খান
ডেভিড হ্যাসলহফ ও সালমান খান

একটা সময়ে বলিউডের তারকারা মুখিয়ে থাকতেন হলিউডের ছবিতে অভিনয়ের জন্য। বিশ্বের বিভিন্ন দেশে হিন্দি ছবির ব্যাপক জনপ্রিয়তার পর দৃশ্যপট সম্ভবত পাল্টে গেছে। বেশ কিছুদিন ধরেই হলিউডের অনেক তারকা বলিউডের ছবিতে কাজের আগ্রহ দেখাচ্ছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ‘দাবাং’ তারকা সালমান খানের সঙ্গে এক ছবিতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করলেন ‘নাইট রাইডার’খ্যাত জনপ্রিয় মার্কিন অভিনেতা ডেভিড হ্যাসলহফ।
সম্প্রতি সালমানকে লেখা এক টুইটার বার্তায় তাঁর সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেছেন হ্যাসলহফ। সালমানের ‘@বিয়িংসালমানখান’ টুইটার অ্যাকাউন্টে তাঁর মনোযোগ আকর্ষণ করে হ্যাসলহফ লেখেন, ‘আমি হফ, নাইটরাইডার/বেওয়াচ...‘‘দাবাং ২’’ ছবিতে আপনার অভিনয় চমত্কার লেগেছ। আমরা দুজন একসঙ্গে এক ছবিতে কাজের সুযোগ পেলে অনেক ভালো লাগবে আমার।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
আশির দশকে ‘নাইট রাইডার’ টিভি সিরিজে মাইকেল নাইট চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন ডেভিড হ্যাসলহফ। পরবর্তী সময়ে ‘বেওয়াচ’ টিভি সিরিজে লাইফগার্ড মিচ বুখানন চরিত্রে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। ‘বেওয়াচ দ্য মুভি: ফরবিডেন প্যারাডাইস’, ‘ডিয়ার গড’, ‘ওয়েলকাম টু হলিউড’, ‘ইউরো ট্রিপ’, ‘ক্লিক’, ‘অ্যানাকন্ডা ৩: অফস্প্রিং’, ‘পিরানহা থ্রিডি’সহ অসংখ্য ছবিতে অভিনয় করেছেন ৬১ বছর বয়সী এ তারকা অভিনেতা।

এ ছাড়া একাধিক টিভি রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন হ্যাসলহফ। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত আমেরিকাস গট ট্যালেন্ট অনুষ্ঠানের বিচারক ছিলেন তিনি। ২০১০ সালে ড্যান্সিং উইথ দ্য স্টারস অনুষ্ঠানের প্রতিযোগী হিসেবেও অংশ নিয়েছিলেন। গানের জগতেও সফল বিচরণ রয়েছে তাঁর। এখন পর্যন্ত ‘নাইট রকার’, ‘লুকিং ফর ফ্রিডম’সহ তাঁর বেশ কয়েকটি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে।