সালমানের সঙ্গে বিবাদ মেটাতে চান শাহরুখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ২০ বছর দারুণ দোস্তি ছিল বলিউডের অন্যতম প্রভাবশালী দুই অভিনেতা শাহরুখ খান ও সালমান খানের। কিন্তু তাঁদের এ বন্ধুত্বে ফাটল ধরে বছর পাঁচেক আগে। দিনকে দিন বাড়তে থাকে তাঁদের ভেতরের দ্বন্দ্ব। বন্ধু থেকে শত্রুতে পরিণত হন তাঁরা। এই প্রথম শাহরুখ জনসমক্ষে কথা বলেছেন তাঁদের দ্বন্দ্ব ও বিবাদ নিয়ে। বিবাদ মিটিয়ে বন্ধুত্ব ফিরিয়ে আনার ইচ্ছাও প্রকাশ করেছেন কিং খান।শাহরুখ বলেন, ‘২০ বছর আমরা পরস্পরের খুবই কাছের বন্ধু ছিলাম। বিভিন্ন বিষয়ে আমাদের মতের মিল যেমন ছিল, আবার কিছু কিছু বিষয়ে মোটেও একমত হতে পারতাম না আমরা। ধীরে ধীরে ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে মতানৈক্যের কারণে আমাদের বন্ধুত্বে চিড় ধরে। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে, সব বিষয়েই আমরা বিপরীতমুখী অবস্থান নিচ্ছি। আমাদের ভেতরের চলমান দ্বন্দ্ব চরমে পৌঁছেছে।’ এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই। শাহরুখ আরও বলেন, ‘সালমানের সঙ্গে বিবাদ মিটানোর জন্য মুখিয়ে আছি আমি। এটা আমাদের ব্যক্তিগত সমস্যা। কেবল আমাদের দুজনের সদিচ্ছাই পারে এ সমস্যার সমাধান দিতে। বাইরের কারও উদ্যোগে জোড়া লাগবে না আমাদের ভেঙে যাওয়া বন্ধুত্ব। আমি মনে-প্রাণে বিশ্বাস করি, আজ না হয় কাল অবশ্যই আমরা আমাদের মতানৈক্য দূর করে হারানো বন্ধুত্ব ফিরিয়ে আনতে পারব।’