সালমানের সঙ্গে সেই দিনগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাবনাজ
শাবনাজ

৬ সেপ্টেম্বর সালমান শাহর প্রয়াণ দিবস। ১৯৯৬ সালের এই দিনে বাংলা চলচ্চিত্র হারিয়েছে একজন সফল নায়ককে। তাঁর শুরুটা হয়েছিল ১৯৯৩ সালে। প্রথম ছবি কেয়ামত থেকে কেয়ামত। মাত্র তিন বছরে তিনি অভিনয় করেন ২৭টি ছবিতে। এর মধ্যে বেশির ভাগ ছবিই ব্যবসায়িক দিক থেকে সফল। সালমান শাহর সঙ্গে অভিনয় করেছিলেন ওই সময়ের দারুণ জনপ্রিয় নায়িকা শাবনাজ। সালমান শাহর প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করলেন তিনি।

সময়টা ছিল ১৯৯৩ সাল। এফডিসিতে সেদিন আমরা চোখে চোখে ছবির শুটিং করছিলাম। আমরা মানে, আমার সঙ্গে ছিলেন নাঈম। খবর পেলাম অন্য একটি ফ্লোরে কেয়ামত থেকে কেয়ামত ছবির মহরত হচ্ছে। পরিচালক সোহানুর রহমান সোহান। অভিনয় করবে দুজন নতুন শিল্পী—সালমান শাহ আর মৌসুমী। আমাদের শটের ফাঁকে ওদের শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম আমি আর নাঈম। সেদিনই ওদের সঙ্গে প্রথম পরিচয়। এরপর সালমানের সঙ্গে আমি তিনটি ছবিতে অভিনয় করেছি আনজুমান, মায়ের অধিকার ও আশা ভালোবাসা।

সালমান শাহ
সালমান শাহ

আনজুমান ছবির শুটিংয়ের সময়ই আমার আর নাঈমের সম্পর্কের ব্যাপারটি সালমান জানতে পারে। তত দিনে আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সালমান তখন আমাকে ‘ভাবি’ বলেই ডাকত। শ্রদ্ধা করত। আমাদের মধ্যে পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছিল।
ওর সঙ্গে কাজ করতে গিয়ে দেখি, কথা নেই বার্তা নেই হঠাৎ ও গায়েব! কোথায় গেল ফোনে জিজ্ঞেস করলেই বলত, ‘ভাবি, সরি সরি। এক্ষুনি আসছি। একটু অপেক্ষা করো।’
সালমানের কথায় থাকত আহ্লাদ। সে আমার সঙ্গে দেবরের অধিকার নিয়ে কথা বলত। কোথাও বেড়াতে গেলে আমার আর নাঈমের জন্য নানা উপহার নিয়ে আসত। সালমানের আবেগ ছিল একটু বেশি। আর নিজের ব্যাপারে ছিল খুব উদাসীন। একদিন সেটে আসার পর দেখি ওর হাতে পোড়া দাগ। ওকে জিজ্ঞেস করলাম, কেন এসব করেছ? বলত, ‘আর বইলো না ভাবি, রাগ কইরা হাতে সিগারেট লাগায় দিছি।’ আমি ধমক দিয়ে বলতাম, ‘তুমি কি পাগল হয়ে গেলা?’
মায়ের অধিকার ছবির শুটিংয়ের সময় দেখতাম আমি কী পোশাক পরছি, তার সঙ্গে মিলিয়ে সালমান নিজের পোশাক চূড়ান্ত করত। একদিন আমি সালমানের একটা শার্ট পরে গানের দৃশ্যে কাজ করেছি।
সালমানের হাঁপানির সমস্যা ছিল। আর ও খুব ধূমপান করত। পার্বত্য চট্টগ্রামে আশা ভালোবাসা ছবির শুটিংয়ে মারামারির দৃশ্যে কাজ করতে গিয়ে সালমান অসুস্থ হয়ে পড়ে। সেদিন ওর জন্য শুটিং স্থগিত করা হয়। তখন সালমানকে খুব বকেছিলাম। ও বলত, ‘আরে ভাবি। ব্যাপার না। সব ঠিক হয়ে যাবে।’
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমানের মৃত্যুর খবর পেয়ে আমি আর নাঈম কতক্ষণ স্তম্ভিত হয়ে ছিলাম, তা মনে নেই। পরে এফডিসিতে ছুটে গিয়েছিলাম, কিন্তু ওর মুখটা দেখিনি। কারণ ওর হাসিমাখা মুখটা আমার মনে সারাজীবনের জন্য গেঁথে রেখেছি। সালমান মানুষ হিসেবে ছিল চমৎকার। বাংলা চলচ্চিত্রে ও এসেছিল ধূমকেতু হয়ে।