
মোঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চেঙ্গিস খানকে বলা হতো খানদের খান। সেই চেঙ্গিস খান টানা ২১ বছর শাসন করে গড়েছিলেন পৃথিবীর সর্বকালের সর্ববৃহৎ অবিচ্ছিন্ন সাম্রাজ্য। ‘খান’ উপাধি সৃষ্টি করেছেন ওই মোঙ্গলরাই। অথচ গুগলে বাংলায় ‘খান’ লিখে খোঁজ করুন, দেখবেন চেঙ্গিস খানকে পেছনে ফেলে আরও তিনজন খান এসে হাজির। বলিউডের সেই তিন খান। চেঙ্গিস খানের বংশধর না হয়েও শুধু নামের শেষে ‘খান’ পদবি নিয়েই যাঁরা অর্জন করেছেন শাসন করার ক্ষমতা। যদিও এই সাম্রাজ্য রুপালি পৃথিবীর, তবু সময়ের হিসাবে চেঙ্গিস খানকেও ছাড়িয়ে গেছেন এই খানেরা। দুই দশকের বেশি সময় পার হয়ে গেল, বলিউড সাম্রাজ্যের শাসনভার এখনো খানদের হাতেই। আর তাই তো ঈদ-পূজা-দীপাবলি কিংবা বড়দিনের মতো উৎসবগুলো এলে এখনো বলিউড তাকিয়ে থাকে এই তিন খানের দিকেই। তবে তিন খানের মধ্যে বলিউড সিংহাসন কার দখলে—এটা নিয়ে ভক্তদের মধ্যে একটা খানদানি লড়াই লেগে থাকে। কিন্তু তাঁরা নিজেরা কিন্তু বক্স অফিসের যুদ্ধে কখনোই নামেন না একসঙ্গে। আর তাই তো বেশ কিছু বছর ধরে তিন খান বছরের তিন বিশেষ সময়ে হাজির হন নিজেদের সেরাটা নিয়ে। দিওয়ালিতে শাহরুখ খান, বড়দিনে আমির আর ঈদ মানেই সালমান খান।
হ্যাঁ, বলিউডের ঈদ সত্যিই শুধু সালমানের। আরও একবার সেটাই যেন প্রমাণিত হলো। ঈদ উৎসবে বেশ কয়েক বছর ধরে বলিউডের দর্শকেরা পেয়ে এসেছেন সালমান খানের ছবি। ওয়ান্টেড দিয়ে ঈদে সালমানের ছবির জনপ্রিয়তার ধারা শুরু হয় ২০০৯ সালে। এর পর থেকেই যেন রেওয়াজ হয়ে দাঁড়িয়েছিল, ঈদ মানেই সাল্লুর হিট ছবি। আর প্রতি ঈদেই সালমানের ছবি বক্স অফিসে বাজিমাত করেছে। ওয়ান্টেড (২০০৯), দাবাং (২০১০), বডিগার্ড (২০১১) ও এক থা টাইগার (২০১২) বিগত চার বছরের চারটি ঈদের সেরা ছবিই সালমানের। তবে সুপার-ডুপার হিট সেই সব ছবির ধারাবাহিকতায় ভাটা পড়েছিল গত বছর। তেরোতে আসলে কোনো ছবিই তো মুক্তি পায়নি সালমানের। অবশ্য সালমানের অভাব বুঝতে দেননি কিং খান শাহরুখ। শাহরুখ-দীপিকার চেন্নাই এক্সপ্রেস-এ চড়েই গত ঈদ কেটেছিল বলিউডপ্রেমীদের। তবে বলিউডের বানানো ধারায় ব্যতিক্রম হয়নি এবারের ঈদে। ফিরেছেন সালমান, ফিরেছে সেই ধারাবাহিকতা। মুক্তির পাঁচ দিনের মধ্যেই ১০০ কোটির শিবিরে জায়গা করে নিয়েছে সালমানের এবারের ঈদের ছবি কিক।
প্রথম দিনের বক্স অফিস আয়ে এর আগে সবচেয়ে বেশি ব্যবসার রেকর্ড গড়েছিল সালমানের এক থা টাইগার (৩২ কোটি রুপি)। সেই রেকর্ড পেছনে ফেলতে না পারলেও প্রথম সপ্তাহ শেষে এক থা টাইগারকে পেছনে ফেলে দিয়েছে কিক! শুধু কি তাই, কিক সালমানের প্রথম ছবি, যা দাঁড়িয়ে এখন ২০০ কোটির ক্লাবের প্রবেশদ্বারে। যেখানে এক থা টাইগার-এর ভারতীয় বক্স অফিসে মোট আয় ছিল ১৯৮ কোটি রুপি, সেখানে মাত্র নয় দিনেই কিক-এর আয় ১৮৩ কোটি রুপি। সালমানের সবচেয়ে ব্যবসাসফল ছবির তকমাটা পাওয়া এখন শুধুই সময়ের ব্যাপার।
শাহরুখ-আমির ভক্তরা বলতেই পারেন, সালমান তো কিক মেরে ফাঁকা মাঠেই গোল দিচ্ছেন। কারণ, ২৫ জুলাই কিক মুক্তির দিন থেকে এখন পর্যন্ত বলিউডে কোনো নতুন ছবিই মুক্তি পায়নি। ভারতের পাঁচ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কিক। সেই সঙ্গে ঈদের মৌসুমে টিকিটের দামও রাখা হয়েছে চড়া। তবে যে যা-ই বলুক, আসলে সাল্লুর কিকের বিপরীতে ফ্রি কিক মেরে গোল দেওয়ার মতো কোনো প্রতিদ্বন্দ্বী ছবিই তো আশপাশে খুঁজে পায়নি বলিউড। অ্যাকশন ধাঁচের ছবিটি একই নামের আরেকটি তেলেগু হিট সিনেমার রিমেক। কিক দিয়েই পরিচালকের কাতারে পা রাখলেন বলিউডের শক্তিশালী প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। শুরুতে সালমানের বিপরীতে বলিউডে বেশ কয়েকজন শীর্ষ জনপ্রিয় নায়িকার নাম শোনা গেলেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গেই প্রথমবারের মতো জুটি বাঁধলেন সালমান। ছবিতে সালমান-জ্যাকলিন ছাড়াও অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, রজিত কাপুর, রণদীপ হুদা এবং খলনায়ক চরিত্রে নওয়াজুদ্দিন সিদ্দিক।
l সাজিদুল হক
ইন্ডিয়া টাইমস, বলিউড হাঙ্গামা, টাইমস অব ইন্ডিয়া, উইকিপিডিয়া অবলম্বনে