সালমানের সুনজরে নার্গিস ফাখরি

সম্প্রতি অভিনেতা-প্রযোজক উদয় চোপড়ার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের ইতি টেনেছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন মডেল ও বলিউডের অভিনেত্রী নার্গিস ফাখরি। বলিউডে সাফল্যের সিঁড়ি হিসেবে সালমানকে ব্যবহার করেছেন এমন অভিনেত্রীর সংখ্যাটা নেহাত কম নয়। তবে কি এবার সেই তালিকায় যুক্ত হলেন নার্গিস! তিনি উদয়ের সঙ্গে বিচ্ছেদের পর এরই মধ্যে সালমানের সঙ্গে বেশ ভাব জমিয়ে ফেলেছেন। এমনকি ‘কিক’ ছবির একটি আইটেম গানে নার্গিসকে কাজের সুযোগও করে দিয়েছেন ‘বিগহার্ট লাভারবয়’ তকমা পাওয়া সালমান।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি উদয়ের সঙ্গে বিচ্ছেদের পর এক বন্ধুর মাধ্যমে সালমানের সঙ্গে পরিচিত হন নার্গিস। পরিচয়ের পরপরই তাঁকে দারুণ পছন্দ করে ফেলেন সালমান। বলিউডের অন্যতম প্রভাবশালী এ তারকা অভিনেতার সঙ্গে নার্গিসের চমত্কার বন্ধুত্বপূর্ণ সম্পর্কও গড়ে উঠেছে। বন্ধুত্বের খাতিরে সালমান তাঁর অভিনীত ‘কিক’ ছবিতে নার্গিসকে অন্তর্ভুক্ত করার অনুরোধ করেন নির্মাতাদের। খান সাহেবকে খুশি রাখতে ছবির একটি আইটেম গানে এরই মধ্যে নার্গিসের অন্তর্ভুক্তি নিশ্চিত করা হয়েছে।
নার্গিস-উদয়ের বিচ্ছেদ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে মিড-ডে ডটকম জানিয়েছে, নার্গিস-উদয়কে আর প্রেমিক যুগল বলা যাবে না। তাঁদের প্রেম ভেঙে গেছে। নার্গিস বলিউডে ক্যারিয়ার গড়তেই বেশি মনোযোগী। কিন্তু উদয় তাঁর কাছ থেকে প্রেমের পরিণতি নিয়ে পাকা কথা চাচ্ছিলেন। বিষয়টি নিয়ে অনেক দিন থেকেই তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জের ধরে সম্প্রতি উদয়ের সঙ্গে সম্পর্কের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন ৩৪ বছর বয়সী নার্গিস।
প্রসঙ্গত, অনেক দিন থেকেই ‘রকস্টার’ তারকা নার্গিসের সঙ্গে উদয় চোপড়ার প্রেমের গুঞ্জন চলছে বলিউডে। উদয় ইশারা-ইঙ্গিতে প্রেমের কথা স্বীকার করলেও, মুখ খোলেননি নার্গিস। তবে বরাবরই তাঁদের কর্মকাণ্ডে বিশেষ সম্পর্কের আঁচ পাওয়া গেছে।

গত বছর মালদ্বীপে অবকাশ যাপনের সময় ক্যামেরাবন্দী হন এ প্রেমিক যুগল। স্পেনের ইবিজা সমুদ্রসৈকতে প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে অবকাশ যাপনের সময় বিকিনি পরা অবস্থায় ক্যামেরাবন্দী হয়েছিলেন ক্যাটরিনা কাইফ। কাকতালীয় বিষয় হলো, ক্যাটের মতো নার্গিসকেও বিকিনি পরা অবস্থায় ক্যামেরাবন্দী করেন আলোকচিত্রীরা।
চলতি বছরের ৪ এপ্রিল মুক্তি পায় নার্গিস অভিনীত ছবি ‘ম্যায় তেরা হিরো’। ছবিটির বিশেষ একটি প্রদর্শনীতে নার্গিসের সঙ্গে দেখা যায় উদয়কে।এ ছাড়া গত ২১ এপ্রিল ইতালিতে হুট করেই দীর্ঘদিনের প্রেমিকা রানী মুখার্জিকে বিয়ে করেন উদয়ের বড় ভাই নির্মাতা আদিত্য চোপড়া। রানী-আদিত্যর খুব কাছের কয়েকজন মানুষই কেবল সেই বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন। রানী-আদিত্যর বিয়ের কাছাকাছি সময়ে তোলা একটি সেলফি ইন্সটাগ্রামে পোস্ট করেন নার্গিস। ইতালির একটি রাস্তায় দাঁড়িয়ে তোলা ওই ছবি প্রকাশিত হওয়ার পর খবর চাউর হয়, রানী-আদিত্যর বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন নার্গিস।
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নার্গিসের সঙ্গে সখ্য নিয়ে নানা মন্তব্য পোস্ট করে খবরের শিরোনাম হয়েছেন উদয়। একবার এক টুইটার বার্তায় উদয় লিখেছিলেন, ‘নার্গিস, তুমি কি জানতে আমাদের সম্পর্ক অনেক আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল। তোমার অনাগত সন্তানের বাবা আমার বাবার ছেলে।’ পরে অবশ্য টুইটার থেকে বার্তাটি মুছে ফেলা হয়।
শুধু তা-ই নয়, ২০১২ সালে টুইটারে নার্গিসকে নিয়ে উলটা-পালটা বার্তা লিখে হইচই ফেলে দিয়েছিলেন উদয়। ওই বার্তায় নার্গিসের প্রতি তাঁর দুর্বলতার কথা স্পষ্ট ফুটে ওঠে। শুরুতে স্বাভাবিকভাবেই নার্গিসকে নিয়ে লেখা শুরু করেন উদয়। তিনি লেখেন, ‘নার্গিস সম্পর্কে অজানা একটি তথ্য সবাইকে জানিয়ে দিচ্ছি। সে ভ্রমণ করতে খুবই ভালোবাসে।’
এরপর নার্গিসের ব্যক্তিগত আরও অনেক বিষয় নিয়ে মন্তব্য করতে থাকেন উদয়। তিনি লেখেন, ‘ভ্রমণ, স্পা, ডরিটস চিপস, পিজা আর আমাকে ভালোবাসে নার্গিস ফাখরি। কিন্তু আমি নার্গিসকে ভালোবাসি না। আপনারা ভুলেও এ কথা তাঁকে জানিয়ে দেবেন না যেন! তাহলে সে আমাকে মেরে ফেলবে। আচ্ছা ঠিক আছে, নার্গিস আর আমি শুধুই “বন্ধু”।’ একপর্যায়ে বাড়াবাড়ি হচ্ছে বুঝতে পেরে উদয় লেখেন, ‘এসব কথাই ছিল “উদয় চোপড়া ম্যাডনেস আওয়ার”-এর অংশ।’
নার্গিসকে নিয়ে উলটা-পালটা টুইট করার পর তাঁর কাছে ক্ষমাও চান উদয়। তিনি লেখেন, ‘নার্গিস ফাখরির ক্ষমাপ্রার্থী আমি। স্রেফ মজা করার জন্যই এতক্ষণ এমন পাগলামি করেছি। এভাবে সীমা লঙ্ঘন করাটা আমার উচিত হয়নি। যা-ই হোক, আর কখনোই আমার কাছ থেকে কিছু শুনতে পারবে না তুমি। বিদায়। ভালো থেকো।’
২০১১ সালে ‘রকস্টার’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন নার্গিস ফাখরি। শুরুতে সহ-অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে তাঁর প্রেমের গুজব রটে। পরে উদয়ের সঙ্গে নার্গিসের প্রেমের খবর প্রকাশ পায়। লুকোচুরি না খেলে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে পরোক্ষভাবে নিজেদের প্রেমের সম্পর্কের জানান দেন তাঁরা।
এই জুটির বিয়ের খবর নিয়েও শোরগোল উঠেছিল বলিউডে। ২০১৩ সালের মার্চে ফিল্মফেয়ার ম্যাগাজিনে প্রকাশিত এক খবরে বলা হয়, নির্মাতা যশ চোপড়ার ছেলে উদয় চোপড়ার সঙ্গে নার্গিস ফাখরির বিয়ের কথাবার্তা চলছে। নার্গিস-উদয়ের বিয়ে নিয়ে তাঁদের পরিবারের সদস্যরা বিস্তারিত আলোচনাও করেছেন। কিন্তু মাত্র এক মাস পর উদয়ের সঙ্গে বিয়ের খবরকে গুজব বলে দাবি করেন নার্গিস। তিনি নিজেকে একা বলেও দাবি করেন।
এ প্রসঙ্গে নার্গিসের ভাষ্য ছিল, ‘উদয় ও আমাকে ঘিরে সবাই এ ধরনের কথা কেন বলছেন, তার কারণ সত্যিই আমার জানা নেই। স্পষ্ট করে বলতে চাই, আমি এখন সম্পূর্ণ একা। আমার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত হয়ে আছে পেশাগত কাজের প্রতি। প্রেম-ভালোবাসার পেছনে ব্যয় করার মতো সময় আমার হাতে নেই। প্রচণ্ড ব্যস্ততার মধ্য দিয়ে আমার দিন কাটছে। এই ব্যস্ততাকে আমি দারুণ উপভোগ করছি।’