সালমানের ৫০০ কোটি রুপির চুক্তি!
অবিশ্বাস্য কাণ্ডই বটে! পাঁচশো কোটি ভারতীয় রুপির এক চুক্তিতে সই করে সবাইকে হকচকিয়ে দিলেন বলিউডের অভিনেতা সালমান খান। সম্প্রতি এক খবরে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে জিনিউজব্যুরো। ২০০৯ সালে সালমান অভিনীত ‘ওয়ান্টেড’ ছবি মুক্তি পাওয়ার পর থেকে একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিয়ে চলেছেন ৪৭ বছর বয়সী এ অভিনেতা। তাঁর ‘দাবাং’, ‘রেডি’, ‘বডিগার্ড’, ‘এক থা টাইগার’ এবং ‘দাবাং ২’ ছবিগুলো কেবল বক্স অফিসে ঝড়ই তোলেনি, গড়েছে নিত্যনতুন সব রেকর্ড। এবারে আগের সব রেকর্ড ভেঙে সম্পূর্ণ নতুন ধরনের এক রেকর্ড গড়লেন সালমান। জানা গেছে, সম্প্রতি বিনোদনমূলক একটি টিভি চ্যানেলের সঙ্গে পাঁচশো কোটি রুপির চুক্তিতে সই করেছেন সালমান। চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ বছরে সালমানের যতগুলো ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার সবগুলো ছবিই পরে ওই চ্যানেলটিতে প্রচারিত হবে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে আগে কখনোই এ ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়নি।