সালমানের 'জয় হো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয় হো ছবিতে সালমান খান ও ডেইজি শাহ
জয় হো ছবিতে সালমান খান ও ডেইজি শাহ

শুরুতে ছবির নাম ছিল মেন্টাল৷ কী অদ্ভুত নাম রে বাবা, কোনো পাগলের কাহিনি নাকি? নাহ, কোনো পাগল নেই, কেউ কারও প্রেমে পাগলও হয়নি৷ তবে কেন এই নাম রাখলেন সোহেল খান? ব্যাপারটা কিছুতেই মাথায় ঢুকছিল না সোহেল-সালমান খানের বাবা বিখ্যাত চিত্রনাট্যকার ও অভিনেতা সেলিম খানেরও৷ এদিকে ওই নামেই ছবির প্রায় অর্ধেক শুটিং শেষ করে ফেলেছেন সোহেল খান৷ প্রায় ১৫ বছর পর ভাইয়ের ছবি পরিচালনা করেছেন সোহেল৷ ১৩ মাস পর বড় পর্দায় ফিরছেন সালমান খান৷ ছবির পোস্টার ডিজাইন করেছেন সালমান নিজেই৷ যেন আরও একটি ইতিহাস তৈরির জন্য প্রস্তুত সালমান খানের লাখো-কোটি ভক্ত৷ গত কয়েক বছরে ওয়ান্টেড, দাবাং, রেডি, বডিগার্ড, এক থা টাইগার, দাবাং টু মুক্তির পর অন্তত এটাই সত্য হয়ে দাঁড়িয়েছে৷ তাছাড়া গত বছর সাল্লুর কোনো ছবিই মুক্তি না পাওয়ায় ভক্তদের উত্তেজনার পারদ খুব বেশই এই ছবিকে ঘিরে৷ বাবা সেলিম খান চিন্তায় পড়ে গেলেন-সালমানের এই ছবিও যদি হিট হয়ে যায়, তবে সালমানের নাম ‘মেন্টাল খান’ হয়ে যাবে না তো! এমনিতেই তেরে নাম ছবিতে ‘মেন্টাল’ হয়ে পাগলাগারদে ভর্তি ছিলেন, এবারও যদি মেন্টাল হিট হয়ে যায়, তবে নিশ্চিত সালমানকে সবাই ‘মেন্টাল খান’ নামেই ডাকবেন৷ শেষমেশ বাবার ইচ্ছায় সিদ্ধান্ত নেওয়া হলো, টাইটেলটা পাল্টানোই উচিত৷ কিন্তু নতুন নাম কী রাখা যায়? বাবাই করে দিলেন সমস্যার সমাধান৷ ছবিতে সালমানের চরিত্রের নাম জয়, তাই বাবা বললেন ছবির নাম হোক জয় হো৷
নাম পাল্টিয়েই কি ভুল করলেন সালমান? জয় হো জয় করতে পারেনি বলিউড বক্স অফিস৷ ছবি মুক্তির পর বক্স অফিস রিপোর্ট কোনো সুসংবাদ দিতে পারেনি খান ব্রাদারসকে৷ ধুম থ্রির সব রেকর্ড ভেঙে দিতে পারে জয় হো—মুক্তির আগে এমন ধারণা করা হলেও প্রত্যাশা অনুযায়ী রেকর্ড করা তো দূরের কথা, সালমান ভাঙতে পারেননি নিজের ছবি এক থা টাইগার-এর প্রথম দিনের রেকর্ডই৷ ২৪ জানুয়ারি মুক্তি পাওয়া জয় হো প্রথম দিনে আয় করেছে কেবল ১৭ কোটি রুপি৷ তবে মুক্তির চার দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয় করার পরও প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় সালমান নিজেই এখন চিন্তিত যে জয় হো-এর কপালে হিট জুটবে, নাকি ফ্লপ? ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিয়ে সালমান বলেছেন, ‘ছবিটি কত রুপি আয় করেছে তার পরিমাণ আমার জন্য মুখ্য না হলেও আসলে ছবির জনপ্রিয়তা বোঝা যায় ওখান থেকেই৷ যদি ছবিটি সফল না হয়, তবে এর পুরো দোষ আমার৷ আমরা ভিন্ন স্বাদের একটি ছবি নির্মাণ করেছিলাম৷ ছবিটিতে অ্যাকশনের পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু সামাজিক দিকও তুলে ধরা হয়েছে৷ এত কিছুর পরও দর্শকদের প্রেক্ষাগৃহে নিয়ে আসতে ব্যর্থ হয়েছি আমরা৷’
২০০৬ সালের তেলেগু ব্লকবাস্টার স্ট্যালিন ছবির অফিিশয়াল রিমেক জয় হো৷ ছবিতে সালমানের বিপরীতে নবাগতা নায়িকা ডেইজি শাহ৷ রয়েছেন সুনীল শেঠি, আদিত্য পাঞ্চোলি, অস্মিত পাটেল, ড্যানি ড্যানজোপা, মহেশ মাঞ্জরেকার, শরদ কাপুর, জেনেলিয়া ডি’সুজা ও সানা খান৷ আর সালমানের বোনের চরিত্রে অভিনয় করেছেন টাবু৷ ছবির কেন্দ্রীয় চরিত্রে সালমানের ভূমিকা একজন সাহসী আর্মি অফিসারের, ঘটনার মোড়ে আর্মি থেকে বরখাস্ত হলেও সবার প্রচেষ্টায় শান্তি ও সমৃদ্ধিময় একটি দেশ গড়ার স্বপ্ন দেখেন তিনি৷ ছবিটির মূল ভাবনা সামাজিক সচেতনতা নিয়ে৷ তাই জয় হো বক্স অফিস জয় করুক আর না-ই বা করুক, ছবিটি কিন্তু সাধুবাদ দেওয়ার মতো একটা চমৎকার মেসেজ দিয়ে যায় দর্শকদের—কেউ যদি আপনার কোনো উপকারে আসে, তবে তাকে ধন্যবাদ না জানিয়ে বরং আপনিও তিনজন মানুষের উপকার করুন এবং তাদের বলুন, যেন তারা আরও তিনজন মানুষের উপকার করে। দেখবেন, সমাজ বদলে যাবে।
 সাজিদুল হক
টাইমস অব ইন্ডিয়া, বলিউড হাঙ্গামা, ওয়ান ইন্ডিয়া, মিড ডে, বলিউড মান্ত্রা, উইকিপিডিয়া অবলম্বনে