
প্রথম দেখাতেই সালমান খানকে প্রশ্ন করে বসল, ‘তুমি কি আমাকে তোমার মতো সুপারস্টার বানাবে?’
বলিউডের ‘দাবাং খান’ একেবারেই যেন ভ্যাবাচেকা খেয়ে গেলেন। বাচ্চা মেয়ে বলে কী? সালমানকে এক নজর দেখেই যেখানে বড় বড় মানুষদের কথা জড়িয়ে যায়, সেখানে দুই ফুটের একটা বাচ্চা মেয়ে প্রথম দেখাতেই সালমানকে এই প্রশ্ন করে বসল! মেয়েটার সাহস আছে বলা যায়।
সাহস তো আছেই, তা না হলে সালমান খানের ছবিতে সালমানকেই উৎরে যাওয়া তো আর চাট্টিখানি কথা নয়। সত্যিই তো, বজরঙ্গি ভাইজান ছবি মুক্তির পর থেকে ‘ভাইজান’ সালমান যেন পড়ে গেছেন আড়ালে! সবার মুখে মুখে এখন শুধু ভাইজানের কাঁধে চড়া সেই মেয়েটির কথা। কে এই মেয়ে? কোথা থেকে এসেছে? ভারতীয় নাকি পাকিস্তানি? সে কি সত্যিই কথা বলতে পারে না? অনেক অনেক প্রশ্ন এখন তাঁকে ঘিরে।
মেয়েটার নাম হারশালি মালহোত্রা। ২০০৮ সালে জন্ম, ভারতের মুম্বাইয়ে। এখন পড়ছে ওই শহরের সেভেন স্কয়ার একাডেমি স্কুলে। হারশালির পাকাপোক্ত অভিনয় দেখে অনেকেই মনে করেছে, এই মেয়ের রক্তে মিশে আছে অভিনয়। নির্ঘাত সে কোনো অভিনেতার মেয়ে। কিন্তু না। হারশালির পরিবারে সঙ্গে বলিউডের কোনো সম্পর্ক নেই। তবে এটা সত্যি, এই বাচ্চার রক্তে মিশে আছে অভিনয়। তাই তো মাত্র চার–পাঁচ বছর বয়স থেকেই অভিনয় দিয়ে মাত করেছে সে।
বজরঙ্গি ভাইজান দিয়ে কিন্তু হারশালির অভিনয়জীবন শুরু হয়নি। নিজেকে ঝালিয়ে নিয়েই সে অভিনয় করেছে সালমানের সঙ্গে। অভিনয় করেছে হরলিকস, পিয়ার্স সাবান, ফেয়ার অ্যান্ড লাভলি আর হুন্দাই গাড়ির মতো পণ্যের বিজ্ঞাপনচিত্রে। আর অভিনয় শুরু টিভি সিরিয়াল দিয়ে। জিটিভি কবুল হ্যায় আর লাইফ ওকে চ্যানেলের লওট আও তৃষাতে অভিনয় করে ছোট্ট হারশালি।
এখন মনে পড়ছে তো, এই ‘মুন্নি’কে এর আগে কোথায় দেখেছিলেন?
ছবিতে বাক্প্রতিবন্ধী এক পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করে হারশালি। কিন্তু বাস্তবে এই মেয়ে যেন এক জীবন্ত রেডিও। সারা দিন নাকি শুধু কথা আর কথা। এমনটা জানিয়েছেন বজরঙ্গি ভাইজান ছবির কলাকুশলীরা। সবকিছু নিয়েই হারশালির হাজারটা প্রশ্ন। কিন্তু একটা সময়ই এই ছোট্ট হারশালি একেবারে চুপ মেরে যেত। যখন সে দেখত তাঁর সালমান ‘আংকেল’ কাঁদছেন! শুটিংয়ে যতবার সালমানের কান্নার দৃশ্য আসত, ততবারই কান্নায় ভেঙে পড়ত হারশালি। কিন্তু সাত বছরের এই পাকা অভিনেত্রী ক্যামেরার সামনে কিন্তু নিজের চরিত্র থেকে মোটেও বের হয়নি। তাই তো খোদ কারিনা কাপুরও ‘ভাইজান’ সালমানের প্রশংসা বাদ দিয়ে বলেছেন, ‘হারশালি এই ছবির মূল আকর্ষণ। তাঁকে ছাড়া এই ছবির সাফল্য ভাবা যায় না।’
পরিচালক কবির খানের মুখেও একই কথা। পাঁচ হাজার শিশুশিল্পীর মধ্য থেকে তিনি হারশালিকে বেছে নেন। তাঁর সেই চেষ্টা বৃথা যায়নি। সবার মুখে মুখে এখন হারশালির নাম শুনে কবির খান গর্বে বুক ফুলিয়ে বলছেন, ‘মেয়েটা আমার ছবির নায়িকা।’ আর সালমান খান? তিনি তো হারশালিতে একেবারে কুপোকাত। বলেছেন, ‘এমন বাচ্চা আমি জীবনেও দেখিনি। অভিনয়ে সে তো আমারও মা।’
আদর রহমান
টাইমস অব ইন্ডিয়া, ফার্স্ট পোস্ট, বলিউড হাঙ্গামা অবলম্বনে