সালেহর 'আলেক বাজি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালেহ আহমেদ ছবি: খালেদ সরকার
সালেহ আহমেদ ছবি: খালেদ সরকার

১৫ মে সকালে প্রথম আলো কার্যালয়ে পরিচয় হলো ছেলেটির সঙ্গে। পরনে জিনস আর ফতুয়া, পায়ে কেডস জুতা, মাথায় ঝাঁকড়া চুল, গলায় গামছা। বাউল নয়, কিন্তু বাউলদের সঙ্গে চলতে চলতে বদলে গেছেন সালেহ আহমেদ। জানালেন, এসেছেন কুষ্টিয়া থেকে। কুমারখালীর যদুবয়রা গ্রামের ছেলে। বড় হয়েছেন লালন সাঁইজির এলাকায়।
লালনের গান দিয়েই শুরু হয় সালেহর সংগীতজীবন। তবে পরিচিত নয়, লালনের সব অপরিচিত গানের চর্চা করেন তিনি। সম্প্রতি লেজার ভিশন তাঁর একটি অ্যালবাম বের করেছে। নাম আলেক বাজি। এই অ্যালবামে তিনি গেয়েছেন ‘মন আমার চরকা ভাঙা’, ‘হিরে লালমতির দোকানে’, ‘আলেক বাজি’, ‘প্রেম সে অমূল্য নিধি’, ‘রংমহল’, ‘বসতবাড়ির ঝগড়া কেজ’, ‘দয়াল গুরুজি’ ও ‘দিল দরিয়া’।
বেশির ভাগ শিল্পী পরিচিত গান গাওয়ার ব্যাপারে বেশি আগ্রহী। সালেহ অপরিচিত গান করছেন কেন? বললেন, ‘সাঁইজির অপ্রচলিত কিছু বাণী যদি আমার কণ্ঠ দিয়ে প্রচার পায়, তাহলে আমি ধন্য হব।’
সালেহ জানান, লালন ফকির ছাড়াও তিনি শাহ আবদুল করিম, অধীন শাহ, পাঞ্জু শাহ, রাঁধে শ্যাম আর রাধা রমনের গানের চর্চা করছেন। অপ্রচলিত গানের প্রতি তাঁর যত আগ্রহ।
ছেলেবেলা থেকেই গানপাগল সালেহ গান শিখেছেন লালন একাডেমি, শীলন সাংস্কৃতিক সংঘ, সুশান্ত কুমার মজুমদার, ফকির মান্নান শাহ, সাত্তার ফকির ও বাউল আবুল কালামের কাছে।
পরিবারে বাবা শফিউদ্দিন বিশ্বাস আর বড় দুই ভাই হাবিল ও কাবিল গান করতেন। তাদের সবার অনুপ্রেরণায় গানের সঙ্গে পরিচয় হয় সালেহর। এ ছাড়া মা সালেহা খাতুনের অনুপ্রেরণা তো আছেই।
২০০৮ সালে বুলবুল ললিতকলা একাডেমি থেকে লোকগান বিষয়ে ডিপ্লোমা করেছেন সালেহ। বললেন, ‘তখন শুধু গান শেখার জন্যই ঢাকায় এসেছিলাম। অনেক দিন থেকেছি। দুই দিন ক্লাস আর বাকি দিনগুলোতে বিভিন্ন স্থানে গান গেয়ে যা আয় হতো, তা দিয়েই কোনোভাবে দিন চলে যেত। তখন অনেক কষ্ট করেছি, সেই কষ্ট এখনো করছি।’
বড় হওয়ার পর দেশের বাইরে গান গাওয়া হয়নি, কিন্তু ছোটবেলায় গান গাওয়ার জন্য ভারতের পশ্চিমবঙ্গের খড়গপুরে গিয়েছিলেন সালেহ। বললেন, ‘মনে আছে তখন ওখানে উত্তম মঞ্চ আর রবীন্দ্রনাথ মল্লিক মঞ্চে গান করেছিলাম।’
সালেহর প্রথম অ্যালবাম নাগরদোলা সংগীতা থেকে বের হয় চার বছর আগে। আলেক বাজি অ্যালবামটি তৈরি করতে বছর খানেক সময় লেগেছে। খরচ হয়েছে প্রায় দুই লাখ টাকা। সালেহ বললেন, ‘প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এককালীন কিছুই পাইনি। শুনেছি বিক্রি হলে কিছু পাব। নতুন শিল্পী হওয়ায় অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হচ্ছে।’
ইদানীং সালেহকে বিভিন্ন টিভি চ্যানেল আমন্ত্রণ জানাচ্ছে। এরই মধ্যে মাছরাঙা টিভি, একুশে টিভি, দেশ টিভি আর বিটিভিতে গান করেছেন তিনি।
আর্থিক দিক এখনো তেমন আকর্ষণ করে না সালেহকে। কুষ্টিয়ার এক গ্রামে গান নিয়েই পড়ে আছেন। আগামী দিনগুলোতেও গান নিয়েই থাকতে চান।