
প্রতিটি মানুষই পরস্পরকে সাহায্য করতে চায়। কোনো পর্বতারোহী নিখোঁজ হলে, লোকজন দল বেঁধে তাঁর খোঁজ করে। ভূমিকম্পে কোনো শহর বিধ্বস্ত হলে, সারা বিশ্ব থেকে মানুষ জরুরি ত্রাণ পাঠায়। সব সংস্কৃতির মানুষের মধ্যে এই মৌলিক প্রবণতা দেখা যায়, কোনো ব্যতিক্রম ছাড়াই। এ রকমই এক মানবিক সহায়তা, অসীম সাহস ও অফুরান প্রাণশক্তির গল্প দ্য মার্শিয়ান।
বিজ্ঞান কল্পকাহিনির ভিত্তিতে নির্মিত ছবিটিতে দেখা যায়, মঙ্গল গ্রহ অভিযানে গেছেন নভোচারী মার্ক ওয়াটনি। শক্তিশালী বালুঝড় থেকে বাঁচতে অভিযাত্রীরা দ্রুত সেখান থেকে ফিরে আসতে বাধ্য হন। এ সময় ছিটকে পড়েন মার্ক। তাঁকে ‘মৃত’ ধরে নেন বাকিরা। কিন্তু মার্ক বেঁচে যান এবং চেতনা ফিরলে নিজেকে লাল গ্রহের প্রতিকূল পরিবেশে একাকী অবস্থায় আবিষ্কার করেন। সেখানে নেই খাবার, পানি আর বেঁচে থাকার উপযোগী পরিবেশ। তাই টিকে থাকার জন্য তাঁকে কাজে লাগাতে হয় নিজের উদ্ভাবনী ক্ষমতা, বুদ্ধিমত্তা এবং অসীম সাহস ও প্রাণশক্তি। তৈরি করেন খাবার আর বাসস্থান। একপর্যায়ে তিনি পৃথিবীতে সংকেত পাঠানোর একটা উপায় বের করে ফেললেন এবং জানিয়ে দিলেন, আমি বেঁচে আছি।
লাখ লাখ মাইল দূরে নাসার একদল আন্তর্জাতিক বিজ্ঞানী নিরলস চেষ্টা শুরু করেন মার্শিয়ান বা মঙ্গলচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনার। একই সঙ্গে তাঁর সহযাত্রীরা একটি দুঃসাহসী পরিকল্পনা করেন উদ্ধার অভিযানের। অবিশ্বাস্য সব প্রচেষ্টা আর অফুরন্ত উদ্যমের পর বিশ্ববাসী দেখতে পায়, পৃথিবীতে ওয়াটনির নিরাপদ প্রত্যাবর্তন।
মঙ্গলচারী মার্ক ওয়াটনির চরিত্রে অভিনয় করেছেন গুড উইল হান্টিং ছবির তারকা ম্যাট ড্যামন। পরিচালক রিডলি স্কট ছবিটির কাহিনি নিয়েছেন অ্যান্ডি ওয়েয়ারের সর্বাধিক বিক্রীত উপন্যাস থেকে, যার নামও দ্য মার্শিয়ান। ম্যাট ড্যামনের চরিত্রটি এখানে একজন উদ্ভিদবিজ্ঞানী ও নভোচারীর। যেন মহাশূন্যের রবিনসন ক্রুসো। পড়েছেন নির্জন দ্বীপের বদলে মানুষবিহীন গ্রহের বুকে। বিপর্যয় এড়াতে তাঁর সহযাত্রীরা যখন দ্রুত মঙ্গলপৃষ্ঠ ছেড়ে যেতে বাধ্য হন, তখন ছিটকে পড়েন মার্ক। তাঁকে ‘নিহত’ মনে করেন অভিযাত্রীরা। লাল গ্রহের মাটিতে একাকী পড়ে থাকেন মার্ক। তবে ভয় পেয়ে, নিরাশ হয়ে হাল ছেড়ে দেওয়ার পাত্র তো তিনি নন। তাই সীমিত সুযোগ-সুবিধার মধ্যেই নিজের অসীম ধৈর্য, উৎসাহ আর বেঁচে থাকার তীব্র ইচ্ছাকে কাজে লাগিয়ে শুরু করলেন লড়াই। তিনি জানেন, সামনে দীর্ঘ অপেক্ষা। কারণ, পৃথিবী থেকে পরবর্তী নভোযানটি মঙ্গলে পৌঁছানোর কথা চার বছর পরে। উপন্যাসের মতোই চলচ্চিত্রটির গল্পেও মূর্ত হয়েছে একটি চক্র: সংকট, উত্তরণ, রসবোধ, দৃঢ় মনোবল এবং নতুন সংকট।
সযত্নে সতর্কতায় তৈরি বিশেষ বাগানে আলুর চাষ করেন ‘মঙ্গলের বুকে অবস্থানকারী শ্রেষ্ঠ উদ্ভিদবিজ্ঞানী’ মার্ক। তিনি সেই ভিনগ্রহে বসেই নতুন রকেট চালনার স্বপ্ন দেখেন। মানুষ একদিন নিশ্চয়ই ভিনগ্রহে পৌঁছাবে। তখন সত্যিকারের ‘মার্ক ওয়াটনি’দের প্রয়োজন পড়বে খুব বেশি, যাঁরা কখনো মনোবল হারাবেন না, চৌকস নৈপুণ্যে উতরে যাবেন জরুরি বিপদ-আপদ।
দ্য মার্শিয়ান ছবিতে দেখানো হয়েছে মঙ্গল গ্রহের আবহমণ্ডলীয় চাপ ও বালুঝড়। মহাকাশ অভিযানের কল্পকাহিনি নিয়ে নির্মিত গ্র্যাভিটি ও ইন্টারস্টেলার ছবিগুলোর তুলনায় দ্য মার্শিয়ান-এ ভিনগ্রহের পরিবেশের বেশ বাস্তবমুখী চিত্রায়ণ হয়েছে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। সংকটময় মুহূর্তে মহাকাশচারীরা কী কী করতে পারেন, তা এই ছবিতে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। গ্ল্যাডিয়েটর, আমেরিকান গ্যাংস্টার, রবিন হুড, প্রমিথিউস ছবির পরিচালক রিডলি স্কটের আরেকটি ব্লকবাস্টার হবে এই ছবি, বলছেন অনেকেই।
হলিউড রিপোর্টার, সিবিএস নিউজ, আইএএনএস, স্পেক্ট্রাম অবলম্বনে