চ্যানেল আইয়ে আজ রাতে প্রচারিত হবে সিঙ্গার-চ্যানেল আই সাহসিকতা পুরস্কার নিয়ে অনুষ্ঠান ‘কিংবদন্তি ২০১২’। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়। কথা হলো তাঁর সঙ্গে।সাহসিকতার জন্য দেওয়া হবে পুরস্কার। সেই অনুষ্ঠানটি আপনি উপস্থাপনা করছেন। কেমন লাগছে?রোমাঞ্চকর অভিজ্ঞতা। আমরা যে শক্তিটা খোঁজার চেষ্টা করি, সেই শক্তিটা কিন্তু লুকিয়ে আছে সাধারণ মানুষের মাঝে। তাঁদের সেই প্রাণশক্তি আমরা দেখেছিলাম মুক্তিযুদ্ধের সময়। সেই প্রাণশক্তি কিন্তু আমরা এখনো দেখতে পাই। সেই প্রাণশক্তি দিয়ে তাঁরা মানুষের বিপদে পাশে এসে দাঁড়ান। কিন্তু তা কজন জানতে পারে; বেশির ভাগ মানুষের কথা তো অগোচরেই থেকে যায়। তেমনি কিছু সাহসী মানুষের কথা আমরা তুলে ধরছি। তাঁদের মধ্য থেকে দেওয়া হবে পুরস্কার। এবার কতজন সাহসী মানুষ পাওয়া গেছে?শুরুতে প্রায় আড়াই হাজার ব্যক্তির কথা আমরা জানতে পারি। সেসব থেকে জুরি বোর্ড এই প্রতিযোগিতার জন্য বাছাই করেছে ১৪ জনকে। এখন পর্যন্ত টিকে আছেন নয়জন। ১৪ নভেম্বর এই নয়জনের মধ্য থেকে দেওয়া হবে পুরস্কার। কী ধরনের পুরস্কার থাকবে?পুরস্কার দেবে চ্যানেল আই ও সিঙ্গার। আর্থিক পুরস্কারও থাকবে। সবচেয়ে বড় কথা হলো, স্বীকৃতি পাওয়া।আপনি তো বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক। আপনি নিয়োগ পাওয়ার পর কী কী উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছেন?আমি নিয়োগ পাওয়ার পর সরকার চলচ্চিত্রকে শিল্প হিসেবে ঘোষণা দিয়েছে। জাতীয় চলচ্চিত্র ইনস্টিটিউট গঠনের কাজ শেষ পর্যায়ে। শিগগিরই সরকার তা ঘোষণা দেবে। আমরা এফডিসিতে চলচ্চিত্র কমপ্লেক্স গড়তে যাচ্ছি। এফডিসিকে আধুনিকায়ন করার কাজ দ্রুত এগিয়ে চলেছে। এফডিসিতে নির্মাতারা যেন সব কাজে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সর্বোচ্চ সুবিধা পান, তা নিশ্চিত করতে এই অর্থবছরেই বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।বিনোদন প্রতিবেদক