সাহসী এক নারীর গল্প ‘রূপকথা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাহসী এক নারীর জীবনকাহিনি নিয়ে নির্মাতা অরণ্য আনোয়ার তৈরি করেছেন একটি ধারাবাহিক নাটক। ‘রূপকথা’ নামের এ ধারাবাহিকটি এনটিভিতে প্রচার শুরু হবে কাল থেকে।নাটকটির প্রচার উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে উপস্থিত হয়েছিলেন—সৈয়দ হাসান ইমাম, তারিক আনাম খান, ওয়াহিদা মল্লিক জলি, সালাউদ্দিন লাভলু, শহীদুজ্জামান সেলিম, মাহফুজ আহমেদ, আজিজুল হাকিম, রুনা খান, গোলাম ফরিদা ছন্দা, নওশাবা প্রমুখ। এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—জাহিদ হাসান, সাবেরী আলম, মনোয়ার পাঠান, অরুণ চৌধুরী, চয়নিকা চৌধুরী, মাসুম রেজাসহ এনটিভির ঊর্ধ্বতন কর্মকর্তা ও নাটকের অন্যান্য অভিনয়শিল্পী এবং কলাকুশলীরা।রূপকথা নাটকের প্রিমিয়ার উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে তারিক আনাম খান বলেন, ‘যদিও নাটকে আমার প্রবেশ ঘটবে ২৬ পর্বের পর। সেই সময়ের জন্য অপেক্ষা করছি কখন আমি এই নাটকে অভিনয় করতে পারব। কারণ, আমার চরিত্রটি খুব ভালো লেগেছে।’ সালাউদ্দিন লাভলু বলেন, ‘নাটকে আমার চরিত্র আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও এ চরিত্রটির গভীরতা রয়েছে। আর অরণ্যও অনেক ভালো নির্মাতা।’ মাহফুজ আহমেদ বলেন, ‘নাটকটিতে আমার চরিত্রটি একজন পেশাদার খুনির। কিন্তু আচরণ ও কর্মকাণ্ড একটু ভিন্ন ধরনের। এ জন্য পরিচালক আমাকে প্রস্তাব দিলেই রাজি হয়ে যাই।’জাহিদ হাসান বলেন, ‘অরণ্য একজন ভালো নির্মাতা হিসেবেই পরিচিত। তার এ কাজটিও নিঃসন্দেহে ভালো হয়েছে।’ এ ছাড়া আরও অনেকেই নাটকটির প্রতি শুভকামনা করে বক্তব্য দেন।আলোচনা পর্ব শেষে নাটকের নির্বাচিত কিছু অংশ উপস্থিত অতিথিদের দেখানো হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন নাটকটির নির্মাতা অরণ্য আনোয়ার।