সাহসী দমকল কর্মীদের পাশে

সাহসী দমকলকর্মীদের সঙ্গে চা পান করতে গিয়েছিলেন ব্রিটিশ কণ্ঠশিল্পী অ্যাডেল। মূলত গ্রেনফেল টাওয়ারের অগ্নিকাণ্ডে দায়িত্ব পালন করেছেন এই দমকলকর্মীরা। তাঁদের সঙ্গে চা খেতে খেতে গল্প করেছেন এবং ছবি তুলেছেন গ্র্যামীজয়ী অ্যাডেল।

১৪ জুন লন্ডনের গ্রেনফেল টাওয়ারে ঘটে যায় ভয়াবহ অগ্নিকাণ্ড। সেই ঘটনায় মারা যান ৭৯ জন, আহত হন অনেকে। আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা এবং নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বিশ্ব বিনোদন অঙ্গনের তারকারা। অ্যাডেল করেছেন একটি অন্য রকম কাজ। ঘটনার পরদিন আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের একজন বলেন, যতজনকে পেরেছেন, আলিঙ্গন করে সান্ত্বনা দিয়েছেন অ্যাডেল। এবার তিনি গেলেন ওই অগ্নিকাণ্ডে দায়িত্ব পালনকারী দমকলকর্মীদের সঙ্গে দেখা করতে। গত সোমবার চেলসির দমকল দপ্তরে গিয়ে হাজির হন অ্যাডেল। এটি ছিল তাঁদের জন্য দারুণ অনুপ্রেরণার। অ্যাডেলের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে সেখানকার কর্মী রব পেটি লিখেছেন, ‘চেলসি দমকল অফিসে চা-নাশতার আড্ডায় বিনয়ী অ্যাডেলকে প্রতিদিন কি এভাবে পাওয়া যায়!’
এই না হলে শিল্পী! এসব কারণেই হয়তো তিনি এত জনপ্রিয়। ২৮ ও ২৯ জুন এবং আগামী ১ ও ২ জুলাই লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রয়েছে অ্যাডেলের কনসার্ট। তার ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে, টিকিট শেষ!