সাহিত্য আলোচনায় কর্মচঞ্চল বাংলা একাডেমী
দেশ-বিদেশের সাহিত্যানুরাগীদের পদচারণে কর্মচঞ্চল বাংলা একাডেমী ভবন। প্রথম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে এসে তাঁরা পরস্পর অভিজ্ঞতা বিনিময় করছেন। জেনে নিচ্ছেন সমকালীন বাংলা সাহিত্যসহ বিশ্বসাহিত্যের নানা বিষয়। গতকাল সোমবার ছিল সম্মেলনের দ্বিতীয় দিন। একাডেমীর সেমিনার কক্ষে দিনের শুরুতে ‘একুশ শতকে রবীন্দ্রনাথ’ বিষয়ে পৃথক দুটি প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ফকরুল আলম এবং ভারতের রবীন্দ্র-গবেষক সমীর সেনগুপ্ত। আলোচনায় অংশ নেন হাসনাত আবদুল হাই, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং অধ্যাপক সোনিয়া নিশাত আমিন। এ অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। বক্তারা বলেন, রবীন্দ্রনাথ বিশ্বজনীন জাতীয়তাবোধ এবং আধুনিকতায় বিশ্বাসী ছিলেন। দেশে দেশে সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসী তৎপরতা এবং পণ্যভিত্তিক সভ্যতার ধারণাকে তিনি প্রত্যাখ্যান করেছেন। এসবই তাঁর মানবিক চেতনার পরিচয়বহ, যা একুশ শতকেও সমান প্রাসঙ্গিক। পরে সম্মেলনের পঞ্চম অধিবেশনের শুরুতে কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি করেন শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়। ‘বিদ্রোহী কবিতার ৯০তম বার্ষিকী’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক শান্তনু কায়সার। নজরুল-গবেষক অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন অধ্যাপক করুণাময় গোস্বামী ও অধ্যাপক আহমেদ রেজা। বক্তারা নজরুলের ‘বিদ্রোহী’ ক্ষণিকের উন্মাদনার সৃষ্টি নয় বরং সচেতন শিল্পসৃষ্টি বলে মন্তব্য করেন। বিকেলে ষষ্ঠ অধিবেশনে তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। ‘সাম্প্রতিক চীনা সাহিত্য’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন চীনের অধ্যাপক শাও ইয়ান জান, ‘মানুষের কবি ফয়েজ’ বিষয়ে পাকিস্তানের লেখক ইফতেখার আরিফের প্রবন্ধ পাঠ করেন আরিফ জুলকারনাইন এবং ‘জাপানি সাহিত্যের সাম্প্রতিক ধারা’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন মাসাতো দুরো। আলোচনায় অংশ নেন বিশিষ্ট উর্দু কবি আহমেদ ইলিয়াস এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক। অধিবেশনে সভাপতিত্ব করেন আবদুশ শাকুর।এ অধিবেশনে শাও ইয়ান জান বলেন, চীনের সাম্প্রতিক সাহিত্য বৈচিত্র্যে ভাস্বর। চীনের নারী লেখকেরা তাঁদের স্বাতন্ত্র্যমণ্ডিত রচনার মধ্য দিয়ে চীনা সমাজের অভ্যন্তরীণ দ্বন্দ্বসমূহ শিল্পিতভাবে প্রকাশ করে চলেছেন।সন্ধ্যায় সম্মেলনে আমন্ত্রিত অতিথিরা এসেছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমী স্টুডিও থিয়েটারে। সেখানে সম্মেলনের অংশ হিসেবে আবদুল্লাহ আল মামুন রচিত নাটক মেরাজ ফকিরের মা মঞ্চস্থ করে নাট্যসংগঠন থিয়েটার।পাঠ্যক্রম ও গণমাধ্যমে আবৃত্তি‘জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে’ স্লোগান নিয়ে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজিত সপ্তাহব্যাপী জাতীয় আবৃত্তি উৎসবের দ্বিতীয় দিনে ছিল আবৃত্তি নিয়ে সেমিনার। গতকাল সোমবার বিকেলে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত সেমিনারে ‘পাঠ্যক্রম ও গণমাধ্যমে আবৃত্তি’ বিষয়ে অধ্যাপক আনিসুজ্জামানের প্রবন্ধ পঠিত হয়। মুখ্য আলোচক ছিলেন শিক্ষাবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন। সভাপতিত্ব করেন রামেন্দু মজুমদার। স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ।প্রবন্ধে বলা হয়, ‘শিশুরা কবিতা আবৃত্তি করবে, ছন্দের দোলা অনুভব করবে দেহে ও মনে। এক অদ্ভুত ভালো লাগায় ভরে যাবে তাদের মন। এটা দরকার, খুব বেশি দরকার। আমাদের পাঠ্যক্রম যাঁরা প্রণয়ন করেন তাঁরা কি এসব কথা বিবেচনা করবেন? যদি করেন, তবে খুব ভালো হবে।’ বক্তারা ‘আবৃত্তি ও উচ্চারণ’-এর বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে বলেন, ভাষার শুদ্ধ ব্যবহারের জন্য এটি করা জরুরি। তারা প্রাক-প্রাথমিক পর্যায়ে উচ্চারণ আবশ্যিক এবং প্রাথমিক পর্যায়ে আবৃত্তিকে ঐচ্ছিক করার দাবি জানান। আলোচনায় অংশ নেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী, হাসান আরিফ প্রমুখ।