
একটা কাগজ দেখে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের সংবাদ পাঠ করছিলেন আশরাফুল আলম। ভরাট দৃপ্ত উচ্চারণ। উত্তাল দিনের বার্তা পড়তে পড়তে আবেগে গলাটা একটু কাঁপছিল তাঁর। চোখজোড়া সিক্ত হলো কি? শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার মিলনায়তনে মাঝের সারির একটি আসনে বসে অবশ্য তা বোঝা গেল না। আসনপূর্ণ মিলনায়তনে পিনপতন নীরবতা জানান দিচ্ছিল তাঁর পাঠ কতটা শ্রুতিমধুর।
নানা আয়োজনে উদ্যাপিত হলো দেশ সাহিত্য উৎসব। বরেণ্য সাংবাদিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর ‘মুক্তিসংগ্রামে স্বাধীন বাংলা বেতার’ ও ‘যেন ভুলে না যাই’ শিরোনামে দুটি বইয়ের পাঠ উন্মোচন, দেশ পাণ্ডুলিপি পুরস্কার প্রদান, কথামালা আর গান-কবিতার মধ্য দিয়ে উৎসবটি উদ্যাপিত হয়। দেশ পাবলিকেশনসের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শব্দসৈনিক আশফাকুর রহমান খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন কামাল লোহানী। স্বাগত বক্তব্য দেন দেশ পাবলিকেশনসের প্রকাশক অচিন্ত্য চয়ন।
উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীদের কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন। এরপর শিল্পীদের কণ্ঠে পরিবেশিত হয় ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘আমরা পূর্ব পশ্চিমে’, ‘জনতার সংগ্রাম চলবেই’ ও ‘ধিতাং ধিতাং বলে’। আশরাফুল আলম স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের সংবাদ পাঠ করেন।
অনুষ্ঠানে দেওয়া হলো দেশ পাণ্ডুলিপি পুরস্কার। ২০১৪ সালের দেশ পাণ্ডুলিপি পুরস্কার পেয়েছেন বিকাশ মজুমদার, চারু হক, হাসান জাহিদ, অরুণ কুমার বিশ্বাস, মুহাম্মদ বদরুল আলম, মাসুদ পারভেজ ও রিপনচন্দ্র মল্লিক। ২০১৫ সালের দেশ পাণ্ডুলিপি পুরস্কার পেয়েছেন কামাল লোহানী, সুমন্ত আসলাম, অদ্বৈত মারুত, তুষার কবির ও লিটন মহন্ত।