সাহিত্য পদক বিতরণীর মনোজ্ঞ আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চয়ন সাহিত্য ক্লাব আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামান, জুবাইদা গুশান আরা (উপবিষ্ট), দাঁড়ানো বুলবুল মহলানবীশ ও লিলি হক, প্রথম আলো
চয়ন সাহিত্য ক্লাব আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামান, জুবাইদা গুশান আরা (উপবিষ্ট), দাঁড়ানো বুলবুল মহলানবীশ ও লিলি হক, প্রথম আলো

এক আয়োজনে তিন উপলক্ষ। সাহিত্য সাময়িকী চয়ন-এর ২৩ বছর পূর্তি। চয়ন সাহিত্য ক্লাবের দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন সংবর্ধনা ও গ্রন্থের প্রকাশনা। গতকাল রোববার বিকেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে। অনুষ্ঠানে দুই গুণীজনকে প্রদান করা হয় চয়ন সাহিত্য ক্লাব স্বর্ণপদক। তাঁরা হলেন কথাশিল্পী জুবাইদা গুলশান আরা ও স্বাধীন বাংলা বেতারের কণ্ঠশিল্পী বুলবুল মহলানবীশ।

যুগপূর্তির এ আয়োজনটির সঙ্গে আরও ছিল চয়ন প্রকাশন থেকে প্রকাশিত কাওসার পারভীন চৌধুরীর স্বপ্নের রং নীল উপন্যাসের প্রকাশনা উৎসব। বিশিষ্টজনদের আলোচনা, কবিতা পাঠ ও সংগীত দিয়ে সাজানো হয় পুরো আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির চেয়ারম্যান আমীর-উল ইসলাম, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মাসুদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক আলী ইমাম। অনুষ্ঠান উদ্বোধন করেন সেলিনা খালেদা। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি লিলি হক।

অনুষ্ঠানের শুরুতেই ‘চোখভরা স্বপ্ন সেই তো চয়ন’ গানটি পরিবেশন করেন সংগঠনের সদস্যরা। এরপর কথাসাহিত্যে জুবাইদা গুলশান আরাকে এবং সংগীতে অবদানের স্বীকৃতিস্বরূপ বুলবুল মহলানবীশকে সম্মাননা পদক পরিয়ে দেন প্রধান অতিথি আনিসুজ্জামান।

সম্মাননা প্রাপ্তির অনুভূতিতে জোবাইদা গুলশান আরা বলেন, ‘আজকের দিনটি আমার কাছে একটি বিশেষ দিন। এ সম্মাননা প্রাপ্তি আমাকে আরও বেশি আনন্দিত করেছে, আমার ছাত্রী বুলবুলও একই সম্মাননা পেয়েছে। সাহিত্য আমাকে তৃতীয় নয়ন দিয়েছে। আর সেই নয়ন নিয়েই কাজ করছি।’

 বুলবুল মহলানবীশ বলেন, ‘এমনিতেই যেকোনো পুরস্কার প্রাপ্তি অনেক আনন্দের। তার ওপর আনিসুজ্জামানের মতো মানুষের কাছ থেকে সেই সম্মাননা গ্রহণ করাটা আমার জন্য বাড়তি পাওনা।’

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক আয়োজন।