
এবারের একুশে গ্রন্থমেলায় সাড়ে তিন হাজারের বেশি নতুন বই এসেছে। প্রতিবছর মেলাকে কেন্দ্র করে বের হয় হাজার হাজার বই। তবে এত বইয়ের মাঝে ভালো বইয়ের সংখ্যা কত—এ প্রশ্নটিই উঠে এল সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে। বাংলা একাডেমির মহাপরিচালক প্রকাশকদের আহ্বান জানালেন, বেশি বই নয় বরং ভালো বই প্রকাশ করুন।
তবে এই গড্ডলিকা প্রবাহের মাঝেও প্রতি গ্রন্থমেলাতেই প্রকাশিত হয় পাঠক-সমাদৃত কিছু মানসম্পন্ন বই। গুণীজনদের বিচারে তেমন সাতটি সমৃদ্ধ বইয়ের জন্য নবীন-প্রবীণ সাত লেখক পেলেন সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার। গতকাল শনিবার চ্যানেল আই ভবনে উৎসবমুখর পরিবেশে অষ্টমবারের মতো লেখকদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। গতকাল দুপুরে তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনের স্টুডিও কক্ষটি রীতিমতো লেখক, প্রকাশক, পাঠকের মিলনমেলায় পরিণত হয়েছিল।
এবার ক শাখায় পুরস্কার দেওয়া হয়েছে ছয় জ্যেষ্ঠ লেখককে এবং খ শাখায় জীবনের প্রথম বইয়ের জন্য পুরস্কার পেয়েছেন এক নবীন লেখক। ক শাখায় প্রবন্ধ, আত্মজীবনী ও স্মৃতিকথা বিভাগে পুরস্কার পেয়েছেন আবুল মাল আবদুল মুহিত ও মুনতাসীর মামুন। চন্দ্রাবতী একাডেমি থেকে প্রকাশিত হয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সোনালি দিনগুলি এবং জার্নিম্যান থেকে মুনতাসীর মামুনের ঢাকার খাল পোল ও নদীর চিত্রকর। একই শাখায় কথাসাহিত্যের পুরস্কার পেয়েছে কথাপ্রকাশ থেকে প্রকাশিত সেলিনা হোসেনের উপন্যাস নিঃসঙ্গতার মুখর সময়। শিশুসাহিত্যে অন্যপ্রকাশ থেকে প্রকাশিত নির্বাচিত ১০০ ছড়া গ্রন্থর জন্য পুরস্কার পেয়েছেন ছড়াকার আসলাম সানী। কবিতায় যৌথভাবে দুই কবিকে দেওয়া হয়েছে পুরস্কার। সময় ও চৈতন্য থেকে প্রকাশিত কাব্যগ্রন্থ দুটি হলো পিয়াস মজিদের কবিকে নিয়ে কবিতা ও মুজিব ইরমের শ্রীহট্টকীর্তন। জীবনের প্রথম বইয়ের জন্য খ শাখায় এ ও সে ও বইয়ের জন্য পুরস্কার পেয়েছেন এহ্সান হাফিজ।
অনুষ্ঠানে লেখকদের হাতে পুরস্কারের অর্থমূল্য ও স্মারক তুলে দেন বাংলা একাডেমির মহাপরিচালক ও পুরস্কার প্রদান কমিটির বিচারক শামসুজ্জামান খান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং সিটিব্যাংক এনএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এইচ আসলাম হাবীব। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান। সঞ্চালনা করেন ছড়াকার লুৎফর রহমান রিটন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সায়েন্স ফিকশন লেখক মোশতাক আহমেদ, সময় প্রকাশনের ফরিদ আহমেদ, অনুপম প্রকাশনীর মিলন কান্তি নাথ, চন্দ্রাবতী একাডেমির কামরুজ্জামান কাজল প্রমুখ।
গ্যালারি কসমসে আসিফ বাহাউদ্দীনের একক চিত্র প্রদর্শনী
রাজধানীর মহাখালীর গ্যালারি কসমসে চলছে শিল্পী আসিফ বাহাউদ্দীন শিকদারের একক চিত্র প্রদর্শনী। যুক্তরাষ্ট্রপ্রবাসী এই শিল্পীর সাম্প্রতিক আঁকা মিশ্র মাধ্যমে তৈরি ৩১টি চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনীটি। শিরোনাম ‘ডোন্ট মাইন্ড, এ লিটল বিট অব লোনসাম’।
গত শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আট দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ১১ মার্চ পর্যন্ত।