সাহিত্যনির্ভর ৪টি চলচ্চিত্রের প্রযোজক ইমপ্রেস টেলিফিল্ম
প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের চারটি নতুন চলচ্চিত্র দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। চলচ্চিত্রগুলো হলো নাসিরউদ্দিন ইউসুফের ‘গেরিলা’, মোরশেদুল ইসলামের ‘আমার বন্ধু রাশেদ’, শাহজাহান চৌধুরীর ‘মধুমতি’, ও গৌতম ঘোষের ‘মনের মানুষ’। এপ্রিলের ১, ১৪ ও ১৫ তারিখে মুক্তি পেয়েছে যথাক্রমে ‘আমার বন্ধু রাশেদ’, ‘গেরিলা’ ও ‘মধুমতি’ ছবি তিনটি। অন্যদিকে গৌতম ঘোষের ‘মনের মানুষ’ চলচ্চিত্রটি মুক্তি পায় গত বছরের শেষ দিকে।চারটি চলচ্চিত্রই সাহিত্যনির্ভর। গেরিলা চলচ্চিত্রটি নির্মিত হয়েছে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের উপন্যাস ‘নিষিদ্ধ লোবান’ অবলম্বনে। ‘মধুমতি’ কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের উপন্যাস ‘মধুমতি’, ‘আমার বন্ধু রাশেদ’ মুহাম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস এবং ‘মনের মানুষ’ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে দুই বাংলার জনপ্রিয় ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘মনের মানুষ’ উপন্যাস নিয়ে।প্রতিটি চলচ্চিত্রেরই পরিবেশনায় রয়েছে আশীর্বাদ চলচ্চিত্র।