সাহিত্যের আন্তর্জাতিক উৎসব শুরু

উৎসবের উৎপত্তি যুক্তরাজ্যের ওয়েলসের ছোট্ট শহর ‘হে’ থেকে। শহরটির অন্য নাম ‘বইয়ের শহর’। সেখানে এমন একটি সড়কও নেই যেখানে অন্তত একটি বইয়ের দোকান নেই। শহরটির গ্রন্থানুরাগী বাসিন্দারা হে শহরের নাম দিয়ে প্রায় আড়াই দশক আগে একটি সাহিত্য উৎসবের আয়োজন করেছিলেন। কালের পরিক্রমায় সেই হে উৎসব পরিণত হয়েছে সাহিত্যের এক আন্তর্জাতিক উৎসবে। ‘কল্পনায় বিশ্ব’ শিরোনামে গতকাল ঢাকায় চতুর্থবারের মতো শুরু হলো তিন দিনের আন্তর্জাতিক হে উৎসব।
গতকাল বৃহস্পতিবার সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রবেশ করতেই উৎসবের আমেজ পাওয়া গেল। মূল প্রবেশপথ থেকে বর্ধমান হাউস, বটতলা কিংবা পুকুর পাড়—সব জায়গা বিচিত্র সাজে সজ্জিত। সবুজ মাঠজুড়ে তৈরি করা হয়েছে সুদৃশ্য স্টল আর মঞ্চ। দেশি-বিদেশি প্রকাশকেরা তাঁদের প্রকাশনা দিয়ে সাজিয়েছেন স্টলগুলো। রয়েছে প্রথমা, ডেইলি স্টার, বাংলা একাডেমি, দৃকসহ বেশ কয়েকটি প্রকাশনা সংস্থার স্টল। উৎসবের উপযোগী সাজসজ্জা একাডেমিজুড়ে। বেলা ১১টায় বাংলা উৎসবের উদ্বোধন হয়। এবারের হে ফেস্টিভ্যালের মূল থিম, ‘মনের বাধাকে অতিক্রম করে ভিন্নভাবে গল্প বলো।’
উদ্বোধনী অনুষ্ঠান: বিশ্বজুড়ে প্রতিদিন শতাধিক ভাষা উধাও হয়ে যাচ্ছে। সেই সঙ্গে উধাও হয়ে যাচ্ছে একদল মানুষের সংস্কৃতি, তাদের জীবনপ্রণালি ও নিজেদের জ্ঞান। একটি ভাষার বিলুপ্তি মানে জ্ঞানের একটি দরজা বন্ধ হয়ে যাওয়া। সেই সঙ্গে একধরনের চিন্তা, বিবেকবোধ ও চেতনার বিলুপ্তি হওয়া।
নানা দেশের শিল্পী-সাহিত্যিকদের মিলনমেলা হে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার এ কথাই বলেন কানাডার সাহিত্যিক জন রালস্টন সল।
উদ্বোধনী অনুষ্ঠানে লেখক-সাহিত্যিকদের আন্তর্জাতিক সংস্থা পেন ইন্টারন্যাশনালের সভাপতি রালস্টন সল বলেন, মত প্রকাশের স্বাধীনতা দুনিয়াজুড়ে সংকুচিত হয়ে যাচ্ছে। বিশ্বে হয়তো মাত্র চার-পাঁচজন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কারাগারে আছেন, ব্যবসাপ্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা সাত-আটজন কারাবন্দী থাকতে পারেন। অর্থনীতিবিদ একজনও কারাগারে নেই। কিন্তু প্রায় ৯০০ লেখক এখন নানা দেশের কারাগারে বন্দী, শতাধিক লেখককে হত্যা করা হয়েছে।
বর্ধমান ভবনের সামনের খোলা চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের তিনটি গানের মধ্য দিয়ে। ব্যান্ড বাংলা কয়ার তিনটি গান পরিবেশন করে।
দ্য লাস্ট মোগল ও দ্য হোয়াইট মোগল বইয়ের লেখক উইলিয়াম ড্যালরিম্পল বলেন, দক্ষিণ এশিয়ায় বহু আগে থেকে সাহিত্য উৎসব আয়োজনের প্রাচীন ঐতিহ্য রয়েছে। ১৪ শতকে ভারতের কর্ণাটক রাজ্যের একটি প্রত্যন্ত গ্রামে কানাড়ি ও গুজরাটি ভাষার সঙ্গে বাংলা ভাষায় কবিতা আবৃত্তি করা হতো। এ অঞ্চলের প্রশাসন ও জীবনাচরণের সঙ্গে গান-কবিতার যোগাযোগ রয়েছে। নবাব আলীবর্দী খাঁর দরবারের একটি নিয়মিত অঙ্গ ছিল মুশায়ের।
লেখক তাহমিমা আনামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক সৈয়দ শামসুল হক বলেন, ‘আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে সত্যের ওপর মিথ্যা বাস করছে। একমাত্র সাহিত্যেই সত্য বাস করছে, হিংসা-হানাহানির ঊর্ধ্বে আছে।’
উদ্বোধনী অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন ইরানে জন্মগ্রহণকারী ব্রিটিশ কবি মিমি কলবতী। বক্তব্য দেন মূল হে উৎসবের পরিচালক লিন্ডি কুক। আর ধন্যবাদ জানান উৎসবের পরিচালক সাদাফ সাজ সিদ্দিকি।
সারা দিন অবিরাম অধিবেশন: উদ্বোধনী দিনে নির্ধারিত অধিবেশন ছিল ২৫টি। একাডেমির খোলা চত্বরে তৈরি কসমিক টেন্টে অনুষ্ঠিত হয় ‘ছোট গল্পের বড় জগৎ’ শীর্ষক আলোচনা। পারভেজ হোসেনের সঞ্চালনায় বরেণ্য কথাশিল্পী সেলিনা হোসেন, কুমার চক্রবর্তী ও পাপড়ি রহমানের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা পর্বটি দিনের শুরুতেই জমে ওঠে। উদ্বোধনের পর আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে শুরু হয় ব্রিটিশ-ভারতীয় সাহিত্যিক রানা দাশগুপ্তের সাম্প্রতিক বই ক্যাপিটাল: দ্য এরাপশন অব দিল্লির সূত্র ধরে ‘সিটিজ’ শীর্ষক আলোচনা। এতে অংশ নেন লন্ডনপ্রবাসী ভারতীয় সাহিত্যিক সোমনাথ বাতাব্যাল এবং বাংলাদেশি জাভেদ জাহাঙ্গীর। এতে শহুরে সমাজের বিভিন্ন সমস্যা ও সংকট আলোচিত হয়।
তাহমিমা আনামের সঞ্চালনায় পরিচালিত হয় ‘ইন দ্য এজ অব দ্য এগ্রিগেটরস’ সেশনটি। এতে অংশ নেন প্রখ্যাত সাংবাদিক ও নিউইয়র্ক টাইমস-এর গ্রন্থ-সমালোচক ডোয়াইট গার্নার, লস অ্যাঞ্জেলেস টাইমস-এর লেখক ক্যারোলিন কেলগ এবং সাংবাদিক আইজাক ফিটজারেল্ড। তাঁরা মুদ্রণ ও ওয়েব গ্রন্থ ও সংবাদমাধ্যমের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মত দেন।
বিকেলে উর্দু কবি ফাতেমা হাসান এবং ফরাসি-ভারতীয় কবি ও নৃত্যশিল্পী কার্তিকা নাইয়ার তাঁদের কবিতা আবৃত্তি করেন নজরুল মঞ্চে। এরপর কবি আসাদ চৌধুরীর সঞ্চালনায় ভারতীয় কবি জয় গোস্বামী আবৃত্তি করেন তাঁর ‘মালতীবালা বালিকা বিদ্যালয়’, ‘হৃদ ভেসে যায় অলকানন্দা জলে’সহ কয়েকটি জনপ্রিয় কবিতা।
আজ শুক্রবার ও শনিবার চলবে এই আয়োজন।