সাহেদের উটপাখির ডিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় তিন বছর পর প্রকাশিত হলো ‘রোকসানা’খ্যাত গায়ক সাহেদের নতুন অ্যালবাম ‘উটপাখির ডিম’। এটি তাঁর পঞ্চম গানের অ্যালবাম। এই অ্যালবামের গান নিয়ে সাহেদ বলেন, ‘আমি “উটপাখির ডিম” অ্যালবামের গানগুলোর মধ্য দিয়ে আমাদের সমাজের আর্থসামাজিক অবস্থার কথা বলতে চেয়েছি। এ ছাড়া গানের কথার মাধ্যমে নানা বৈষম্যের বিষয়গুলোও তুলে ধরেছি। আশা করছি, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’ অ্যালবামে গান থাকছে ১০টি। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সাহেদ এ অ্যালবামের গানগুলোর কথা, সুর ও সংগীতায়োজনও করেছেন। অ্যালবামের নাম প্রসঙ্গে তিনি বলেন, ‘অ্যালবামে “উটপাখির ডিম/ জানি না খেতে কী রকম” শিরোনামের একটি গান আছে। মূলত, এই গানের কথা চিন্তা করেই অ্যালবামের নাম রেখেছি। আরও একটি কারণ আছে, যা আমি শ্রোতাদের আপাতত জানাতে চাইছি না। গানগুলো শোনার পরই শ্রোতারা নামটি রাখার বিষয়টি টের পাবেন।’‘উটপাখির ডিম’ অ্যালবামের গানগুলো হচ্ছে: ‘বুকে তার শৈশব থই থই’, ‘সত্যের সাথে হয়েছে দেখা’, ‘তারে আমি চোখে দেখিনি’, ‘আমাদের যোগাযোগ’, ‘সবাই বলে বড় হও’ প্রভৃতি।সাহেদের প্রথম অ্যালবাম ‘প্রভু’ প্রকাশিত হয়েছিল ১৯৯০ সালে। এরপর একে একে প্রকাশিত হয় ‘চিলেকোঠা’ (১৯৯৬), ‘গান নিবেন গান’ (২০০১) ও ‘ক্লাসরুমে বসে শেখা’ (২০০৮)।