সাড়ম্বরে রবির জন্মদিন উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছেন কিন্তু সম্মান পাননি, এমন বঞ্চিত ১১ নারী মুক্তিযোদ্ধাকে গতকাল সোমবার সম্মাননা দিয়ে জন্মদিন উদ্যাপন করেছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি। পাশাপাশি গত বছর এই দিনে একটেল থেকে ‘রবি’ নাম ধারণের সময় রাজধানীতে জন্ম নেওয়া ২৮ শিশুর জন্মদিনও কেক কেটে উদ্যাপন করা হয়।রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রবির এক বছর উদ্যাপন উপলক্ষে সকাল ছয়টায় ভোরের রাগসংগীতের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মাইকেল কুন্যার।১১ নারী মুক্তিযোদ্ধার প্রত্যেককে সম্মাননা হিসেবে এক লাখ টাকা ও সনদ দেওয়া হয়েছে। সম্মাননা পেয়েছেন সুনামগঞ্জের কাঁকন বিবি, যশোরের বাঘারপাড়ার ফাতেমা খাতুন, মুন্সিগঞ্জের কাঞ্চনমালা, সিলেটের গোলাপগঞ্জের ছায়ারুন, যশোরের হালিমা খাতুন, গোপালগঞ্জের নাজমা বেগম, যশোরের রোকেয়া খাতুন, বাগেরহাটের শরণখোলার আয়শা বেগম, পিরোজপুরের কাউখালীর উর্মিলা রানী রায়, কিশোরগঞ্জের বাজিতপুরের মনোয়ারা বেগম, কিশোরগঞ্জের সখিনা বেগম। এ সময় প্রতিষ্ঠানের প্রধান বিপণন কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু বলেন, ‘হাজার বছরের সংস্কৃতি, ৪০ বছরের স্বাধীনতা, এই সময় রবির প্রথম বার্ষিকী। এটা রবির গর্ব। আমরা বাংলাদেশের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করব।’পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ছায়ানটের শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। পরে পাপিয়া সারোয়ার, খায়রুল আনাম শাকিল, ফেরদৌস আরা, মিতা হক ও লিলি ইসলাম পরিবেশন করেন পঞ্চকবির গান। এরপর আবৃত্তি, কবিগান, ভাওয়াইয়া, লালনগীতি, গম্ভীরা, লাঠিখেলা পরিবেশন করা হয়। দুপুর ১২টায় রবির নতুন ভাবসংগীত পরিবেশন করেন অর্ণব। পরে অরুণা বিশ্বাস পরিবেশন করেন যাত্রা। শুরু হয় শিল্পী মমতাজ, অর্ণব, মেটালমেজ, দলছুট, মিলা, এলআরবির পরিবেশনা। নৃত্য পরিবেশন করেন মীম ও সোহেল। সন্ধ্যায় ফানুস ওড়ানো এবং রাতে ছিল আতশবাজি।