সাড়ে তিন মিনিটের প্রামাণ্যচিত্র ‘বিউটিফুল বাংলাদেশ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরি হবে। এখানে থাকবে না নেতিবাচক কোনো কিছু। বিশ্বের সামনে একটি সুন্দর এবং অপার সম্ভাবনাময় দেশকে তুলে ধরতে হবে। হ্যাঁ, বাংলাদেশটা আসলেই যে কতটা সুন্দর, কত কিছু আছে এখানে, যেকোনো পর্যটক তা দেখে অবশ্যই মুগ্ধ হবেন! এর সঙ্গে আছে শিশুদের শিক্ষা নিশ্চিত করার ব্যাপারটিও। এমনি নানা ভাবনা থেকে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তৈরি হলো সাড়ে তিন মিনিটের প্রামাণ্যচিত্র ‘বিউটিফুল বাংলাদেশ’। এটি পরিচালনা ও প্রযোজনা করেছেন গাজী শুভ্র। উদ্বোধনী অনুষ্ঠানে প্রামাণ্যচিত্রটি দেখে অনেকেই অভিভূত হন। অনেকের মনেই প্রশ্ন জেগেছে, কার চোখ দিয়ে বিশ্ববাসী এই সুন্দর ও চমৎ কার বাংলাদেশকে দেখছে? নিশ্চয়ই দেশের বাইরের কেউ। না, পুরো কাজটাই করেছেন বাংলাদেশের ছেলেরা। শুভ্র বললেন, ‘ভালোবাসতে না পারলে দেশটাকে সুন্দরভাবে দেখা সম্ভব নয়।’শুভ্র জানান, বিজ্ঞাপনী প্রতিষ্ঠান গ্রের মাধ্যমে ১৬ জানুয়ারি তিনি এই প্রামাণ্যচিত্র নির্মাণের অনুমতি পান। কাজ শুরু হয় ১৯ জানুয়ারি। দৃশ্য ধারণের কাজ শুরু হয় কক্সবাজার থেকে। এরপর পর্যায়ক্রমে বান্দরবান, নীলগিরি, চট্টগ্রাম, কাপ্তাই, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, বাগেরহাট, মংলা, সুন্দরবন, খুলনা, কুষ্টিয়া, মেহেরপুর, বগুড়া, পাহাড়পুর, ঢাকার লালবাগ কেল্লা, রাতের শহীদ মিনারের দৃশ্য ধারণ করা হয়। কাজের মাঝপথে কাপ্তাই লেকে শুটিংয়ের সময় এক দুর্ঘটনায় নিহত হন প্রোডাকশন ব্যবস্থাপক জাহেদ। এ সময় তিন দিন কাজ বন্ধ ছিল। শুটিং-পরবর্তী পুরো কাজটা হয়েছে রেড ডট স্টুডিওতে। প্রামাণ্যচিত্রটির ক্যামেরায় ছিলেন খসরু। পুরো কাজটা শেষ করতে সময় লেগেছে ২৩ দিন।শুভ্র আরও জানান, বিশ্বকাপ ক্রিকেট চলার পুরো সময়টাতে এবং পরেও প্রামাণ্যচিত্রটি বিদেশি বিভিন্ন খেলার চ্যানেলে প্রায় প্রতিদিনই দেখানো হবে।