
দশতলা ভবনের পাঁচতলার জানালায় দাঁড়িয়ে আছেন রফিকুল ইসলাম। খানিক আগেও পাঁচতলার ভেতরের দেয়াল রং করছিলেন তিনি। কিন্তু পাশের বাড়ির ছাদে শুটিং শুরু হতেই আর রঙের মধ্যে ডুবে থাকতে পারেননি। শুটিং দেখছেন আর জানালায় দাঁড়িয়ে মিটিমিটি হাসছেন। টিভিতে দেখা মানুষদের সামনে পেয়ে এমন হাসি, না সংলাপের কারণে, সেটা ঠিক বোঝা গেল না। তবে বোঝা গেল, সাড়ে তিন শ পর্ব অতিক্রম করা ধারাবাহিক নাটক নোয়াশাল কেন এখনো মানুষ দেখে। শুটিং চলছিল মীর সাব্বির পরিচালিত নোয়াশাল ধারাবাহিকের। ঈদের আগে উত্তরার ৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের একটি বাড়িতে ঢুঁ মারা হলো শুটিং দেখতেই।
ছাদে তখন অভিনয়শিল্পী আমিন আজাদ, বিনয় ভদ্র ও নওশাদ নিলয়। ছাদে কোনো একটা বিষয়ে আলাপ করছিলেন তিনজন। হুট করে সেখানে ঢুকে পড়েন বিমর্ষ মীর সাব্বির। তাঁকে দেখে সতর্ক হয় এই তিনজন। তারপর কথা বলেন সাব্বিরের সঙ্গেও। এই ছিল দৃশ্য। বেশ কয়েকবারের চেষ্টায় পরিচালক সাব্বিরের মনঃপূত হয় দৃশ্যটি।
শেষ করে এসে সাব্বির জানালেন, বরিশাল ও নোয়াখালীর দুটি পরিবারকে কেন্দ্র করে শুরু হয়েছিল গল্পটি। ধীরে ধীরে গল্পের ডালপালা গজিয়েছে। আর দর্শকের চাহিদার কারণে বেড়েছে পর্বসংখ্যাও। সাড়ে তিন শ পেরিয়ে সেটা কতদূর যাবে, তা নির্ভর করছে ওই দর্শকদের ওপরই। বলে রাখা ভালো, নোয়াখালী আর বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলে এই দুই পরিবার।
ততক্ষণে পরবর্তী দৃশ্যের জন্য প্রস্তুতি শেষ হয়। ছাদে আসেন অভিনয়শিল্পী অহনা। কানে হেডফোন গোঁজা তাঁর। সেটি খোলার অনুরোধ করেন সহকারী পরিচালক। তাঁরই হাতে মুঠোফোন ধরিয়ে দিয়ে ক্যামেরার সামনে দাঁড়ান অহনা। ছাদের দুই দিকে ক্যামেরা বসিয়ে দৃশ্যটি ধারণ করা হয়। কারণটাও ব্যাখ্যা করলেন পরিচালক। বললেন, ‘এতে নানাভাবে শটটা নেওয়া হয়ে যায়। সম্পাদনায় সুবিধা হয়।’
শট শেষ করে এসে অহনা ছাদের রেলিংয়ে বসলেন। যথারীতি আবার কানে হেডফোন। একজন তাঁকে সতর্ক করলেন। ইশারায় বুঝিয়ে দিলেন যেকোনো সময় নিচে পড়ে যেতে পারেন। বার কয়েক বলার পর অহনা নেমে এলেন। কথা হলো তাঁর সঙ্গে। বললেন, ‘নোয়াশাল ধারাবাহিকটি আমাকে একটা আলাদা পরিচিতি দিয়েছে। বাইরে বেরুলেই মানুষজন এই নাটকের চরিত্রের নাম ধরে ডাকে। এটা একটা বড় পাওয়া। তা ছাড়া দীর্ঘদিন ধরে এই দলটার সঙ্গে আছি। সবাই একটা পরিবারই হয়ে গেছি।’
ততক্ষনে সন্ধ্যা নেমে আসে। এখন দৃশ্য ধারণ হবে ছাদের নিচে, মানে চারতলায়। সেখানে অপেক্ষা করছেন অভিনেতা আতাউর রহমান, নরেশ ভূইয়া, খায়রুল আলম সবুজ, রওনক হাসানসহ অনেকেই।
মীর সাব্বির জানালেন, ৩৫০তম পর্বের পরের পর্বগুলোর জন্য আজ দৃশ্য ধারণ হচ্ছে।