সায়েন্টোলজি ত্যাগ করছেন ক্রুজ!
অবাক করার মতো খবরই বটে! যার জন্য ছাড়াছাড়ি হলো কেটি হোমসের সঙ্গে, সেই সায়েন্টোলজি ধর্মকে নিজের জীবন থেকে চিরতরের জন্য বিদায় জানানোর কথাই ভাবছেন ‘মিশন ইম্পসিবল’ তারকা টম ক্রুজ। সম্প্রতি এক খবরে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ডেইলি মেইল।সায়েন্টোলজি ধর্মের অনুসারী হওয়ায় ব্যক্তিজীবনে অনেক কিছুই হারিয়েছেন ৫০ বছর বয়সী হলিউডের এ অভিনেতা। সম্ভবত এ জন্যই এ ধর্ম থেকে পুরোপুরি মন উঠে গেছে তাঁর। বিতর্কিত এ ধর্মবিশ্বাসের কারণে সর্বশেষ কেটি হোমসের সঙ্গে ৫ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটেছে ক্রুজের। বিচ্ছেদের পর তাঁদের একমাত্র মেয়ে সুরির দেখভালের দায়িত্ব পেয়েছেন কেটি। এর ফলে আদরের মেয়েও দূরে সরে গেছে ক্রুজের জীবন থেকে।এ ছাড়া ক্রুজের জীবন থেকে আগের দুই স্ত্রী মিমি রজার্স ও নিকোলে কিডম্যান চলে গিয়েছিলেন সায়েন্টালজির কারণেই। প্রেমিকা পেনেলোপে ক্রুজকেও তিনি হারিয়েছিলেন এই ধর্মবিশ্বাসের কারণে। এক দশক আগে সায়েন্টোলজি ধর্মে দীক্ষা নিয়েছিলেন টম ক্রুজ। দীর্ঘদিন ধরে এ ধর্মের মূলমন্ত্র অক্ষরে অক্ষরে পালন করলেও এখন এ ধর্ম থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন তিনি। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘সায়েন্টোলজিকে বিদায় জানানোর সিদ্ধান্তের কথা এখনো পর্যন্ত স্বীকার না করলেও নিশ্চিতভাবে বলা যায়, তিনি এ ধর্ম ত্যাগ করতে যাচ্ছেন।’ সূত্রটি আরও জানিয়েছে, ইদানীং সায়েন্টোলজি থেকে দূরে থাকারই চেষ্টা করছেন ক্রুজ। গির্জায় যাচ্ছেন না এমনকি এ ধর্মের অনুসারী কারও সঙ্গেই মিশছেন না। তিনি হয়তো উপলব্ধি করেছেন, যে আকাঙ্ক্ষা নিয়ে এত দিন ধর্মটি পালন করে এসেছেন, আদতে তার কিছুই পূরণ হয়নি। বরং উলটোটাই ঘটেছে। এর কারণে তাঁর জীবনে দুঃখের পাল্লা দিনকে দিন ভারী হয়ে উঠছে। প্রসঙ্গত, বিখ্যাত কল্পবিজ্ঞান গল্পের লেখক এল রন হাবার্ডের কিছু আদর্শ নিয়ে ১৯৫২ সালে প্রথম সায়েন্টোলজি ধর্মের উদ্ভব। এর পরের বছর প্রতিষ্ঠিত হয় চার্চ অব সায়েন্টোলজি। মূলত হাবার্ডের ‘ডাইনেটিকস’ বইয়ের চিন্তাভাবনার ওপর ভিত্তি করে নতুন এ ধর্মের প্রবর্তন। ডাইনেটিকস হলো শরীরের সঙ্গে মন বা আত্মার একটি সম্পর্ক। ডাইনেটিকসের উদ্দেশ্য হলো, মানুষের মন বা আত্মার কিছু চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করা, যার জন্য মানুষ কষ্ট পায়। কোনোভাবে যদি এ থেকে মুক্তি মিলে যায়, তাহলে মানুষের জীবন হয়ে ওঠে অনেক সুন্দর। সায়েন্টোলজি ধর্মের অনুসারীরা এ আদর্শই মেনে চলেন জীবনে। তাঁদের মতে, এই ধর্ম হলো সত্যকে খোঁজার ধর্ম। পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তি, হলিউডের অনেক তারকাই এ ধর্মে দীক্ষা নিয়েছেন। এর মধ্যে টম ক্রুজ ছাড়াও রয়েছেন জন ট্রাভোল্টা, জ্যাসন লি থেকে শুরু করে জেমস প্যাকারের মতো বিলিয়নিয়াররা।