সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমী পরিচালিত সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০১১-এ ভূষিত হয়েছেন অধ্যাপক খোন্দকার সিরাজুল হক। গতকাল বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। বাংলা একাডেমীর পক্ষ থেকে খোন্দকার সিরাজুল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। তাঁর হাতে ক্রেস্ট, সনদ ও পুরস্কারের অর্থমূল্য ২৫ হাজার টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান এবং মহাপরিচালক। অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করেন মৌমিতা হক। অধ্যাপক আনিসুজ্জামান বলেন, সা’দত আলি আখন্দ ছিলেন একজন প্রাগ্রসর চিন্তার মানুষ। তাঁর আত্মকথায় বাঙালির ইতিহাসের অনেক অলিখিত উপাদান ধরা আছে। শামসুজ্জামান খান বলেন, বর্তমান সময়ে সা’দত আলি আখন্দের মতো গুণী মনীষীর চিন্তার প্রাসঙ্গিকতা প্রবলভাবে অনুভূত হচ্ছে।পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় খোন্দকার সিরাজুল হক বলেন, ‘বাংলা একাডেমীর কাছ থেকে সম্মাননা প্রাপ্তি আমার জন্য আনন্দদায়ক ঘটনা। আমি চেয়েছি বাঙালি মুসলমানের প্রগতি চেতনার উদ্বোধনের ইতিহাসকে শনাক্ত করতে। এই গবেষণাকর্ম সম্পাদন করতে গিয়ে আমি উপাদানের দুষপ্রাপ্যতার সম্মুখীন হয়েছি, তবু কুসংস্কার ও প্রতিক্রিয়াশীলতা থেকে বাঙালি মুসলমানের মুক্তির ইতিহাসকে আলোয় আনার চেষ্টা করেছি।’কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার প্রদান আজ: বাংলা একাডেমী পরিচালিত কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ২০১০-এ ভূষিত হয়েছেন বিশিষ্ট ছড়াকার সুকুমার বড়ুয়া। আজ বৃহস্পতিবার বিকেল চারটায় একাডেমীর সেমিনারকক্ষে আনুষ্ঠানিকভাবে তাঁকে এই পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান এবং সভাপতিত্ব করবেন অধ্যাপক আনিসুজ্জামান।