সা’দের ‘বঙ্গবন্ধু এবং আমি’
সাড়ে পাঁচ বছর ধরে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আছেন সা’দ। মিডিয়া স্টাডিজ বিষয়ের ওপর পড়াশোনা করছেন। ওখানে পড়াশোনার ফাঁকে গান লেখেন, তাতে সুর দেন, সংগীত পরিচালনা করেন। আবার গানগুলোতে তিনি নিজেই কণ্ঠ দেন। সা’দের তেমনই নয়টি গান নিয়ে ফাহিম মিউজিক থেকে এসেছে অ্যালবাম বঙ্গবন্ধু এবং আমি। এখানে তাঁর গানগুলোর শিরোনাম: ‘বঙ্গবন্ধু এবং আমি’, ‘যুদ্ধাপরাধী’, ‘জিহাদ’, ‘অধিকার’, ‘শুনতে কি পাও’, ‘শুধু তোমায়’, ‘চিরকুমারী’, ‘বাংলাদেশের শত্রু-মিত্ররা’ ও ‘শয়তান’।গানগুলোর বিষয় নির্বাচন প্রসঙ্গে সা’দ বললেন, ‘আমি পঁচাত্তরের পরবর্তী প্রজন্মের একজন। বই পড়ে অনেক কিছুই জানতে পারিনি। আমি বলব, সঠিক ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি। যখন একটু বড় হয়েছি, তখন নিজের আগ্রহ থেকে নানা কিছু জানার চেষ্টা করি। এরপর যখন জানতে পারলাম, সেই অনভূতিগুলো নিয়ে গান তৈরি করেছি।’জানালেন, মেলবোর্নে বিভিন্ন অনুষ্ঠানে তিনি গানগুলো করেছেন। আর অ্যালবামটির বেশির ভাগ কাজও করেছেন মেলবোর্নের ফোরফর্টি স্টুডিওতে।অ্যালবামের ‘যুদ্ধাপরাধী’ গানটি নিয়ে একটি নাচ তৈরি করেছেন লায়লা হাসান। আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘বিজয় উৎসব’ অনুষ্ঠানে নাচটি করা হবে।