সিঁথি এবার উপস্থাপক
সংগীতশিল্পী সিঁথি এবার উপস্থাপনা করছেন। ‘চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতা’র এবারের আসর উপস্থাপনা করবেন তিনি। এরই মধ্যে অনুষ্ঠানের ১০টি পর্বের শুটিং শেষ হয়েছে। চ্যানেল আইয়ের পরিচালক (বিপণন) ইবনে হাসান খান বললেন, ‘আমরা এবার গান নিয়ে প্রতিযোগিতার অনুষ্ঠান চ্যানেল আই সেরা কণ্ঠ নতুনভাবে সাজিয়েছি। দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার জন্যই সিঁথিকে নেওয়া হয়েছে। আশা করছি, ও আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবে।’ সিঁথি বললেন, ‘টিভিতে আমার একটি গানের অনুষ্ঠান দেখার পর চ্যানেল আই থেকে যোগাযোগ করা হয়। চ্যানেল আই সেরা কণ্ঠ অনুষ্ঠানটি তারা একজন সংগীতশিল্পীকে দিয়ে উপস্থাপনা করাতে চেয়েছে। পরিকল্পনা শুনে আমার কাছে ভালোই মনে হলো। রাজি হয়ে গেলাম। কাজটা করতে গিয়ে কিন্তু ভালো লাগছে।’এরই মধ্যে জাতীয় পর্যায়ের একাধিক প্রতিযোগিতায় সেরা হিসেবে নির্বাচিত হয়েছেন সিঁথি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সম্মেলন, জাতীয় শিশু প্রতিযোগিতা ও শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতা।