সিঁধেল ও ছিঁচকে চোর নিয়ে ‘চোরকাব্য’
সিঁধেল চোর আর ছিঁচকে চোরদের নিয়ে পরিচালক শিমুল সরকার নির্মাণ করেছেন ধারাবাহিক নাটক ‘চোরকাব্য’। তিনি জানান, চোরকাব্য নাটকের পুরো গল্পই হাস্যরসাত্মক ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে। এখানে তুলে ধরা হয়েছে, ছদ্মবেশী চোরদের অবস্থান। যারা সাধারণত সমাজের উঁচু তলায় অবস্থান করে। চোরকাব্য নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান। নাটকের গল্পে দেখা যাবে, সারা জীবন চুরি করে খুব কৌশলে জমিদারে পরিণত হন এ টি এম শামসুজ্জামান। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না করে অন্যের সম্পদ নিজের করে নেওয়াটাই তাঁর প্রধান নেশা। স্ত্রী চিত্রলেখা গুহ রূপসচেতন, মেয়ে শশী বাবার মতোই চোর আর ছেলে সাজু খাদেম চিরকুমার হয়েও বিয়ে পাগল। কিন্তু চোরের ছেলে হওয়ায় তাঁর বিয়ে হয় না। এভাবেই বিভিন্ন মজার ঘটনার মধ্য দিয়ে চোরকাব্য নাটকের গল্প এগোতে থাকে।নাটকটির নির্মাতা শিমুল সরকার জানান, সমাজের দুষ্ট মানুষগুলো আজ প্রচণ্ড প্রভাবশালী আর সত্যিকারের জমিদারেরা সমাজে চোরের মতো। একসময়ের দাপুটে চোর এখন সমাজের উঁচু সারির জমিদার। আর সত্যিকারের জমিদারদের অবস্থা চোরের মতো। সে বিষয়টিই নাটকটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।চোরকাব্য নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন—মামুনুর রশীদ, কচি খন্দকার, প্রাণ রায়, আ খ ম হাসান, ডা. এজাজ, বীথি, শবনম পারভীন প্রমুখ।