সিংহলি ভাষায় কনার গান
কনা এবার শ্রীলঙ্কার সিংহলি ভাষায় গান করবেন। একটি নয়, দুটি গান করবেন তিনি। গান দুটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইরাজ। কনা বললেন, ‘ইরাজ এখন শ্রীলঙ্কার অন্যতম জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালকদের একজন। যতটুকু জেনেছি, দুটি গানই ইরাজ তাঁর কোনো অ্যালবামে রাখবেন। আর কোথাও ব্যবহার করবেন কি না, তা ওখানে যাওয়ার পর জানতে পারব।’ কনা জানান, গান দুটিতে কণ্ঠ দেওয়ার জন্য এ মাসের শেষ সপ্তাহে শ্রীলঙ্কার কলম্বো যাচ্ছেন তিনি। এর আগে কনা ইরাজের সুর ও সংগীত পরিচালনায় ‘ইয়োর লাভ’ নামের একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটি কনার সিম্পলি কনা অ্যালবামে যুক্ত করা হয়েছে। এবার ‘ইয়োর লাভ’ গানের মিউজিক ভিডিও তৈরি হবে কলম্বোতে। গানটিতে সাগর ও সাগরসৈকতের দৃশ্য ব্যবহার করা হবে। কনার সঙ্গে এ মিউজিক ভিডিওতে থাকছেন আরও একজন। তিনি লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার অন্যতম বিজয়ী রাখী। তিনিও যাচ্ছেন কনার সঙ্গে। এদিকে কনার গাওয়া দুটি গান ‘ধিমতানা’ ও ‘মন জানে’র মিউজিক ভিডিও শ্রীলঙ্কার মিউজিক চ্যানেলে নিয়মিত প্রচার করা হচ্ছে। কনা বললেন, ‘আমার গাওয়া বাংলা গান শ্রীলঙ্কার মিউজিক চ্যানেলে প্রচারিত হচ্ছে, এটা আমার জন্য অনেক আনন্দের খবর। আমি বাংলা গান শ্রীলঙ্কার দর্শকদের কাছে নিয়ে যেতে পেরেছি।’