সিআইডির এক যুগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ বছরে পা দিয়েছে সনি টিভি চ্যানেলের ধারাবাহিক সিআইডি। ১৯৯৮ সালের ২১ জানুয়ারি শুরু হওয়া এ গোয়েন্দানির্ভর ধারাবাহিকটি সম্প্রতি এক যুগ পূর্ণ করেছে। উপমহাদেশীয় টিভি চ্যানেলগুলোর মধ্যে ইতিহাস গড়া এ সিরিয়ালটি সাধারণ গতানুগতিক হিন্দি পরিবারভিত্তিক সিরিয়াল থেকে আলাদা, ফলে দর্শকপ্রিয়তা পেয়েছে সহজে। শুধু কি দর্শকপ্রিয়তা? ২০০৪ সালে কোনো ধরনের বিরতি ছাড়াই ১১১ মিনিট শুটিং করার সুবাদে ‘গিনেস বুকস অব ওয়ার্ল্ড রেকর্ডস’-এ উঠে গেছে সিরিয়ালটির নাম। শুরুতে সপ্তাহে প্রতি শুক্রবার সিআইডি দেখানো হলেও দর্শকপ্রিয়তার কথা ভেবে বর্তমানে শুক্র ও শনিবার রাত ১০টায় নতুন নতুন ঘটনা আর নতুন সব কাহিনি নিয়ে হাজির হয় সিআইডি দলটি। আর সিআইডির এ জনপ্রিয়তার ফলে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন প্রবর্তন করে ‘সিআইডি গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড’ পুরস্কার। বিভিন্ন সময় সাহসিকতাপূর্ণ সেরা কাজের জন্য দুটি বিভাগে দেওয়া হয় এই পুরস্কার। যিনি চ্যাম্পিয়ন হন, তিনি পান এক লাখ রুপি। আর রানারআপ পান ৫০ হাজার রুপি।রহস্যের গল্প যারা পছন্দ করে, তাদের প্রিয় তালিকার শীর্ষে থাকা সিআইডির মূল তিনটি চরিত্রে শুরু থেকেই আছেন তিন অভিনেতা। যেকোনো ধরনের মামলা কিংবা অভিযোগের জন্য দলের প্রধান এসিপি প্রাদিউমানের নেতৃত্বে কাজ করে যান সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ ও দয়া, সাব ইন্সপেক্টর ফ্রেডরিক ও বিবেক। কঠিন সব বাধা অতিক্রমের মধ্য দিয়ে রহস্যের জাল ভেদ করে সত্যিকার অপরাধীকে ধরে আইনের হাতে সোপর্দ করে দলটি। তাদের নিজেদের প্রধান কার্যালয় সিআইডি স্পেশাল ব্যুরো থেকে সব ধরনের কার্যক্রম চালানো হয়। রয়েছে আলাদা ফরেনসিক বিভাগ, যেখানেও আছেন একজন অভিজ্ঞ ডাক্তার।সিআইডির আগে অনেক ধরনের গোয়েন্দা কাহিনি নিয়ে নিয়মিত সিরিয়াল হলেও এভাবে সিআইডির মতো দর্শকদের মনে রেখাপাত করতে পারেনি। শুধু তা-ই নয়, সনি টিভি চ্যানেলে আর কোনো অনুষ্ঠানই একটানা এতটা দীর্ঘ সময় ধরে দেখানো হয়নি। এক ঘণ্টা ধরে চলতে থাকা সিআইডির প্রতিটি পর্বে দারুণভাবে গোছানো গতিশীল কাহিনির চমৎকার চিত্রায়ণ প্রায় সব বয়সী দর্শককে আকৃষ্ট করে রেখেছে। শুরু থেকে কাহিনি যেভাবে এগিয়ে যায়, তাতে শেষ পর্যন্ত টান টান উত্তেজনা থাকে কাহিনিগুলোয়। এ সিরিয়ালের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে, এতে আজগুবি কাহিনি নিয়ে কিছু হয় না। যেসব ঘটনাকে ভিত্তি করে কাহিনি এগিয়ে যায় বলেই দর্শকদের কাছে তা গ্রহণযোগ্য হয়েছে। সিরিয়ালটির পরিচালক বি পি সিং এবং প্রধান চরিত্র অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ প্রাদিউমানের ভূমিকায় অভিনয় করা শিবাজি সত্যম সিরিয়ালটির অন্যতম দুই পুরোধা। বহুদিন ধরে একই চরিত্রে অভিনয় করা অভিনেতা শিবাজি সত্যম এ চরিত্রে এতটাই জনপ্রিয় যে সাধারণভাবে কোথাও বের হলে অনেকেই তাঁকে সত্যিকার পুলিশ অফিসার ভেবে নানা অভিযোগের কথা জানান! সিআইডির প্রতিটি কাহিনিই এমনভাবে উপস্থাপন করা হয়, যা অনেকটাই পেশাদার গোয়েন্দাদের বাস্তব কর্মকাণ্ডের সঙ্গে পুরোপুরি মিলে যায়। সফলতার সঙ্গে এগিয়ে চলা সিআইডির লক্ষ্য দর্শকপ্রিয়তা ধরে রাখা। সে পথেই এগিয়ে যাচ্ছে সিআইডি। নুরুন্নবী চৌধুরী, তথ্যসূত্র: ওয়েবসাইট